কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’
নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদকে সামনে রেখে দেশের হাটবাজার ও খামারগুলোতে এবারও দেখা মিলছে নানা আকর্ষণীয় নামের গরু ও মহিষ। এসব ব্যতিক্রমী নামের পশুকে ঘিরে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়ছে কৌতূহল। এরই মধ্যে আলোচনায় এসেছে নারায়ণগঞ্জের একটি মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের মহিষ। গায়ের সাদা-গোলাপি আভা এবং সামনের চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলেই এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি দেখতে খামারে ভিড় করছেন অনেক মানুষ। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকেও দর্শনার্থীরা আসছেন। একাধিক ক্রেতা এটি কেনার আগ্রহ দেখালেও ইতোমধ্যে একজন এটি বুকিং দিয়ে রেখেছেন বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। এতে অনেক আগ্রহী ক্রেতা হতাশ হয়েছেন।
খামারের কর্মচারীরা জানান, মহিষটি নিয়মিত ঘাস, ভুট্টা ও ভূসি খেয়ে বড় করা হয়েছে। বিশেষ যত্নে লালন-পালনের কারণে এটি এখন খামারের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, ঈদুল আজহাকে ঘিরে বাংলাদেশে বড় ও ব্যতিক্রমী গরু-মহিষের নামকরণের একটি চল রয়েছে। প্রতি বছরই ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা বিভিন্ন আলোচিত ব্যক্তিত্বের নামে পশুর নাম রাখা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।
আশা/
