প্রধান কোচ নয়, শ্রীরাম বাংলাদেশের দলে যোগ দিচ্ছেন অন্যকিছু হিসেবে: পাপন
গতকাল এ নিয়ে নানা কথাবার্তা হয়। অবশেষে গুজব কিছুটা হলেও সত্যি হচ্ছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ গুলশানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
“শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।”
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে কাজ করেছেন। এছাড়াও ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের অন্যতম সদস্য করা হয়েছিল তাঁকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম।
