ডিসেম্বরেই শাহরুখ-সালমান, অ্যাভেঞ্জার্স ও হ্যারি পটার, আসছে যেসব সিনেমা-সিরিজ
বছরের শেষ মাস ডিসেম্বর ২০২৬-এ বিনোদনপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি বড় আয়োজন। বলিউডে শাহরুখ খানের ‘কিং’ ও সালমান খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। অন্যদিকে হলিউডে ফিরছে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’, পাশাপাশি মুক্তি পাচ্ছে ‘ডুন: পার্ট থ্রি’। এর সঙ্গে বড় চমক হয়ে আসছে হ্যারি পটারের নতুন টেলিভিশন সিরিজও।
অ্যাকশন, সায়েন্স ফিকশন, সুপারহিরো আর জাদুর জগৎ, সব মিলিয়ে ডিসেম্বরের মুক্তির তালিকায় থাকছে নানা স্বাদের সিনেমা ও সিরিজ। এক নজরে দেখে নেওয়া যাক আলোচিত আয়োজনগুলোর মুক্তির তারিখ ও বিস্তারিত।
২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের ‘কিং’
ডিসেম্বরের শেষ সপ্তাহে বলিউডের অন্যতম আলোচিত মুক্তি শাহরুখ খানের ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমাটি ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবিটির মুক্তির তারিখ প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টও নিশ্চিত করেছে।
সিনেমাটিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এর মাধ্যমে বড় পর্দায় বাবার সঙ্গে প্রথমবার দেখা যাবে সুহানাকে। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও আরশাদ ওয়ারসির মতো তারকারা।
‘কিং’ দিয়ে ২০২৩ সালের ‘ডানকি’র পর প্রধান চরিত্রে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।
৪ ডিসেম্বর আসছে সালমানের ‘মাতৃভূমি’
ডিসেম্বরের শুরুতেই প্রেক্ষাগৃহে আসছেন সালমান খান। তাঁর অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটির গল্পের পটভূমি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষ। তবে যুদ্ধের পাশাপাশি একজন সেনাসদস্যের ব্যক্তিগত জীবন, পরিবার, দায়িত্ব ও ত্যাগের দিকও তুলে ধরার কথা রয়েছে সিনেমাটিতে।
ছবিটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। মুক্তির তারিখ কয়েক দফা পরিবর্তনের পর শেষ পর্যন্ত ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্মাতা প্রতিষ্ঠান। ইতিমধ্যে সিনেমাটির ট্রেলার ও গান প্রকাশ করা হয়েছে।
সাত বছর পর ফিরছে ‘অ্যাভেঞ্জার্স’
মার্ভেল ভক্তদের জন্য ডিসেম্বরের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। যুক্তরাষ্ট্রে ১৮ ডিসেম্বর ২০২৬ সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে ডিজনি। কিছু আন্তর্জাতিক বাজারে প্রদর্শন শুরু হওয়ার কথা ১৬ ডিসেম্বর থেকে।
২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির পর প্রায় সাত বছর পর নতুন অ্যাভেঞ্জার্স সিনেমা নিয়ে ফিরছে মার্ভেল। এবারের গল্পে একাধিক মহাবিশ্বের পরিচিত সুপারহিরোরা মুখোমুখি হবে ভয়ংকর প্রতিপক্ষ ডক্টর ডুমের।
ডক্টর ডুম চরিত্রে অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র। আয়রন ম্যান চরিত্রে দীর্ঘদিন দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেতাকে এবার দেখা যাবে ভিন্ন এক ভূমিকায়।
অ্যান্থনি ও জো রুশো পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাসকাল, পল রাড, ফ্লোরেন্স পিউ, অ্যান্থনি ম্যাকি, ভেনেসা কারবি, টম হিডলস্টন, ইয়ান ম্যাককেলেন ও প্যাট্রিক স্টুয়ার্টসহ আরও অনেকে।
‘ডুন: পার্ট থ্রি’ নিয়ে বাড়তি আগ্রহ
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র পাশাপাশি ডিসেম্বরের আলোচিত আরেক সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’। ডেনিস ভিলনভ পরিচালিত ছবিটি দিয়ে শেষ হচ্ছে তাঁর নির্মিত ডুন চলচ্চিত্রের ত্রয়ী।
ফ্র্যাঙ্ক হারবার্টের ‘ডুন মেসায়া’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। আগের দুই পর্বের ধারাবাহিকতায় এবারও পল অ্যাট্রেইডিস চরিত্রে থাকছেন টিমোথি শ্যালামে। তাঁর সঙ্গে রয়েছেন জেনডায়া, ফ্লোরেন্স পিউ, রেবেকা ফার্গুসন, জেসন মোমোয়া, আনিয়া টেলর-জয় ও রবার্ট প্যাটিনসন।
এবারের গল্পে পল অ্যাট্রেইডিসের সাম্রাজ্য, ক্ষমতার পরিণতি, রাজনৈতিক ষড়যন্ত্র ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্রে সিনেমাটি ১৮ ডিসেম্বর এবং আন্তর্জাতিক বাজারে ১৬ ডিসেম্বর থেকে মুক্তির পরিকল্পনা রয়েছে।
বড়দিনে ফিরছে হ্যারি পটারের জাদুর জগৎ
ডিসেম্বরের তালিকায় আরেকটি বড় চমক হ্যারি পটারের নতুন টেলিভিশন সিরিজ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। এইচবিও ম্যাক্সের ঘোষণায় সিরিজটির প্রথম পর্ব ২৫ ডিসেম্বর ২০২৬ মুক্তি পাওয়ার কথা বলা হয়েছে।
জে কে রাউলিংয়ের জনপ্রিয় বইয়ের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি। পুরোনো সিনেমার অভিনয়শিল্পীদের পরিবর্তে নতুনদের নিয়ে সাজানো হয়েছে এর প্রধান চরিত্রগুলো। হ্যারি পটারের চরিত্রে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন, হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে আরাবেলা স্ট্যানটন এবং রন উইজলির চরিত্রে অ্যালাস্টার স্টাউট।
প্রথম মৌসুমে মোট আটটি পর্ব থাকবে। সিরিজটি এইচবিও ও এইচবিও ম্যাক্সে প্রচারিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের এইচবিও ম্যাক্স সহায়তা পাতাতেও ২০২৬ সালের বড়দিনে সিরিজটির মুক্তির তথ্য দেওয়া হয়েছে।
ডিসেম্বরের মুক্তির তালিকায় নজর থাকবে যেসব তারকার দিকে
ডিসেম্বরের সিনেমা ও সিরিজের তালিকায় একই সময়ে দেখা যাবে বলিউডের শাহরুখ ও সালমান খান, মার্ভেলের রবার্ট ডাউনি জুনিয়র এবং ‘ডুন’ তারকা টিমোথি শ্যালামেকে। বড়দিনের সময় হ্যারি পটারের নতুন সিরিজও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।
তবে বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে সিনেমাগুলোর মুক্তির তারিখ এক নাও হতে পারে। বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন: পার্ট থ্রি’র ক্ষেত্রে আন্তর্জাতিক মুক্তির সূচি এবং যুক্তরাষ্ট্রের তারিখ আলাদা করে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের দর্শকদের প্রেক্ষাগৃহে মুক্তির নির্দিষ্ট তারিখ জানতে স্থানীয় পরিবেশকদের ঘোষণা অনুসরণ করতে হবে।
আশা/
