| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

৯ দফা প্রস্তাবে পে স্কেল সংশোধনের দাবিতে যা যা আছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৪ ১৯:০১:০৬
৯ দফা প্রস্তাবে পে স্কেল সংশোধনের দাবিতে যা যা আছে

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বিভিন্ন ভাতার কাঠামোয় অসংগতি দূর করতে ৯ দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গ্রেডভিত্তিক মূল বেতনের ব্যবধান যৌক্তিক করা, বাড়িভাড়া ভাতায় অভিন্ন নীতিমালা চালু, শিক্ষা ও উৎসব ভাতা বাড়ানো এবং বৈশাখী ভাতা মূল বেতনের ৩০ শতাংশ নির্ধারণ।

এ ছাড়া ২০ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের সুযোগ, উচ্চতর গ্রেড প্রদানে প্রথম যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা এবং ২০১৫ সালের আগে শতভাগ পেনশন সমর্পণকারীদের ১৫ বছরের পরিবর্তে ১০ বছর পর পেনশন ফেরত দেওয়ার প্রস্তাবও রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বেতন স্কেল-২০২৬ পর্যালোচনা কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়ে এসব প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম।

নবম পে স্কেলে যেসব পরিবর্তন চায় সংগঠনটি

সংগঠনটির দাবি, নতুন বেতন স্কেল প্রণয়নের উদ্যোগ ইতিবাচক হলেও বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার কাঠামোয় কিছু অসংগতি রয়েছে। এগুলো সংশোধন না করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আর্থিক বৈষম্য আরও বাড়তে পারে।

স্মারকলিপিতে দেওয়া ৯টি প্রস্তাব হলো:

১. গ্রেডভিত্তিক মূল বেতনের ব্যবধান যৌক্তিক করা

সংগঠনটির মতে, কয়েকটি গ্রেডের মূল বেতনের পার্থক্য খুবই কম। উদাহরণ হিসেবে ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা এবং ১৯তম গ্রেডের ২০ হাজার ৫০০ টাকা নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দুই গ্রেডের ব্যবধান মাত্র ৫০০ টাকা।

একইভাবে ১৮তম গ্রেডের মূল বেতন ২১ হাজার টাকা এবং ১৭তম গ্রেডের ২১ হাজার ৪০০ টাকা। এখানে ব্যবধান মাত্র ৪০০ টাকা। এতে পদোন্নতি, দায়িত্ব ও অভিজ্ঞতার যথাযথ আর্থিক মূল্যায়ন হয় না বলে মনে করে সংগঠনটি। তাই প্রতিটি গ্রেডের মধ্যে ভারসাম্যপূর্ণ বেতন ব্যবধান রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

২. সব গ্রেডে বাড়িভাড়া ভাতার অভিন্ন নীতিমালা

বাড়িভাড়া ভাতায় গ্রেডভিত্তিক বৈষম্য দূর করে সব গ্রেডের জন্য অভিন্ন নীতিমালা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপি অনুযায়ী, ১৬তম থেকে ২০তম গ্রেডে মূল বেতনের ৬০ শতাংশ এবং ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়ার প্রস্তাবিত কাঠামোয় অসংগতি রয়েছে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২০তম গ্রেডের একজন কর্মচারী ২০ হাজার টাকা মূল বেতনের বিপরীতে ১২ হাজার টাকা বাড়িভাড়া পান। অন্যদিকে ১৪তম গ্রেডের একজন কর্মচারী ২৩ হাজার ৫০০ টাকা মূল বেতনের বিপরীতে বাড়িভাড়া পান ১১ হাজার ৭৫০ টাকা।

এ ছাড়া ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ টাকা মূল বেতনের বিপরীতে বাড়িভাড়া ১২ হাজার ৮৪০ টাকা হলেও ১৪তম গ্রেডে তা ১১ হাজার ৭৫০ টাকা। এই ব্যবধান দূর করতে বাড়িভাড়া ভাতায় অভিন্ন নীতিমালা চায় সংগঠনটি।

৩. শিক্ষা ভাতা বাড়িয়ে এক সন্তানে ২ হাজার টাকা

প্রায় ১১ বছর ধরে শিক্ষা ভাতা অপরিবর্তিত রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। অথচ এ সময়ে ভর্তি ফি, মাসিক বেতন, বই, খাতা ও শিক্ষা উপকরণের খরচ অনেক বেড়েছে।

এ অবস্থায় এক সন্তানের জন্য মাসিক শিক্ষা ভাতা ২ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

৪. নতুন বেতন কাঠামো অনুযায়ী উৎসব ভাতা

নতুন মূল বেতনের ধাপ অনুযায়ী বার্ষিক উৎসব ভাতা নির্ধারণের দাবি জানানো হয়েছে। সংগঠনটির প্রস্তাব, শ্রান্তি ও বিনোদন ভাতা বাস্তবায়নে নতুন বেতন স্কেলের জন্য যে ধাপভিত্তিক নীতিমালা অনুসরণের কথা বলা হয়েছে, উৎসব ভাতার ক্ষেত্রেও একই ধরনের নীতি চালু করা হোক।

৫. বৈশাখী ভাতা মূল বেতনের ৩০ শতাংশ করার দাবি

বৈশাখী ভাতা মূল বেতনের ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সর্বনিম্ন ৬ হাজার এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

বিকল্প হিসেবে আগের ২০ শতাংশ বৈশাখী ভাতা বহাল রাখার প্রস্তাবও রয়েছে। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, বর্তমান প্রস্তাবিত কাঠামোয় বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে এই সুবিধা কমানোর পরিবর্তে বাড়ানো প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।

৬. প্রথম যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা

উচ্চতর গ্রেড দেওয়ার ক্ষেত্রে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনার দাবি জানানো হয়েছে।

সংগঠনটির ব্যাখ্যা, উন্নীত গ্রেড ও উচ্চতর গ্রেড এক বিষয় নয়। উন্নীত গ্রেড সাধারণত প্রতিষ্ঠানের পদকাঠামো, পদোন্নতি বা সাংগঠনিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে উচ্চতর গ্রেড নির্ভর করে একজন কর্মচারীর চাকরিকাল, অভিজ্ঞতা ও বিধি অনুযায়ী প্রাপ্যতার ওপর। তাই উন্নীত গ্রেডকে উচ্চতর গ্রেডের বিকল্প হিসেবে বিবেচনা না করার প্রস্তাব দিয়েছে তারা।

৭. ২৫ বছরের পরিবর্তে ২০ বছরেই স্বেচ্ছায় অবসর

বর্তমানে প্রচলিত ২৫ বছরের পরিবর্তে ২০ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী পূর্ণ পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শারীরিক সক্ষমতা, পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় অবসরের সুযোগ সহজ করা প্রয়োজন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

৮. ১৫ ও ১৬তম গ্রেডের বাড়িভাড়া বৈষম্য দূর করা

১৫তম ও ১৬তম গ্রেডের মূল বেতন এবং বাড়িভাড়া ভাতার হিসাবেও অসংগতি রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়েছে, ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ টাকা মূল বেতনের বিপরীতে ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাওয়া যায় ১৩ হাজার ১৪০ টাকা। অন্যদিকে ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ টাকা মূল বেতনের বিপরীতে ৫০ শতাংশ হারে বাড়িভাড়া দাঁড়ায় ১১ হাজার ৪০০ টাকা।

ফলে ১৬তম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে ১৫তম গ্রেডে গেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া কমে যায়। এ ধরনের অসংগতি সংশোধনের দাবি জানানো হয়েছে।

৯. শতভাগ পেনশন সমর্পণকারীদের ১০ বছর পর পেনশন ফেরত

২০১৫ সালের আগে শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ১৫ বছরের পরিবর্তে ১০ বছর পর সমর্পিত পেনশন ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়েছে, পারিবারিক ও আর্থিক প্রয়োজনে অনেক কর্মকর্তা-কর্মচারী অবসরের সময় শতভাগ পেনশন সমর্পণ করেছিলেন। বর্তমানে তাঁদের কেউ কেউ আর্থিক সংকটে পড়েছেন, অনেকে মারা গেছেন। একজন কর্মকর্তা-কর্মচারী ১৮ মাসের অবসর প্রস্তুতিমূলক ছুটি শেষে ৬১ বছর বয়সে অবসরে গেলে সমর্পিত পেনশন ফেরত পেতে আরও ১৫ বছর অপেক্ষা করতে হয়।

এই অপেক্ষার সময় কমিয়ে ১০ বছর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

পর্যালোচনা কমিটির সঙ্গে আলোচনার সুযোগ চায় সংগঠন

স্মারকলিপির শেষাংশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বলেছে, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আর্থিক বৈষম্য কমানো, জীবনযাত্রার মানোন্নয়ন এবং ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো গড়ে তুলতে প্রস্তাবগুলো বিবেচনা করা প্রয়োজন।

এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধিদলকে জাতীয় বেতন স্কেল-২০২৬ পর্যালোচনা কমিটির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে স্মারকলিপিতে উত্থাপিত ৯ দফা এখনো সংগঠনটির প্রস্তাব। এগুলো পর্যালোচনা কমিটি বা সরকার গ্রহণ করেছে কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...