দেউলিয়ার পথে অভিনেতা অনন্ত জলিল
নিজস্ব প্রতিবেদক: একসময় তৈরি পোশাকশিল্পে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত ছিলেন চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। কিন্তু সময়ের ব্যবধানে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। ব্যাংকঋণ, বকেয়া পরিশোধ এবং কারখানা পরিচালনার জটিলতায় একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ের দাবিতে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
ব্যাংকের আইনি নোটিশ অনুযায়ী, অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল।
পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্ত।
তবে ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপর পাওনা টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় ব্যাংক।
নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখ করা অর্থ পরিশোধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী আদালতে মামলা করার পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল। তার ভাষ্য, করোনা মহামারির সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে কারখানার শ্রমিকদের কাজ না থাকলেও বেতন-ভাতা দেওয়া হয়েছিল। ওই ঋণের সুদসহ বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়েছে।
অনন্ত জলিলের দাবি, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে তার প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া কঠিন হয়ে উঠেছে।
তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে ব্যবসা শুরু করে গত আড়াই দশকে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন অনন্ত জলিল। এজেআই গ্রুপের মাধ্যমে তিনি দেশের পোশাকশিল্পে পরিচিত ব্যবসায়ী হয়ে ওঠেন।
২০১০ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর ব্যবসার পাশাপাশি বিনোদন অঙ্গনেও পরিচিতি পান তিনি। স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে সিনেমায় অভিনয়ের পাশাপাশি এবি অ্যাপারেলস লিমিটেড নামে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন।
তবে সাম্প্রতিক সময়ে আর্থিক সংকটের কারণে তার একাধিক কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যবসা সচল রাখতে নতুন বিনিয়োগকারী ও অংশীদার খোঁজার চেষ্টা করেও সফল হননি অনন্ত জলিল। এমনকি বিদেশি উদ্যোক্তাদের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানা গেছে। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সমাধান মেলেনি।
আর্থিক সংকটের পাশাপাশি গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এ বিষয়ে এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান অনন্ত জলিল বলেছেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
অন্যদিকে, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অর্থায়ন করা অন্যান্য ব্যাংকও ঋণের টাকা ফেরত পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছে। ফলে শুধু একটি প্রতিষ্ঠান নয়, পুরো ব্যবসায়িক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্যাংকের পাওনা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে চেক ডিজঅনারের অভিযোগে মামলা এবং পরবর্তী সময়ে অর্থঋণ আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একসময় পোশাকশিল্পে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত অনন্ত জলিলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঋণের চাপ সামাল দিয়ে প্রতিষ্ঠানগুলোকে আবার সচল করা। ব্যাংকের পাওনা পরিশোধ, নতুন বিনিয়োগের ব্যবস্থা এবং কারখানার কার্যক্রম পুনরায় শুরু করতে না পারলে তার ব্যবসায়িক সাম্রাজ্যের সংকট আরও গভীর হতে পারে।
তবে বর্তমান পরিস্থিতিকে এখনই আনুষ্ঠানিকভাবে দেউলিয়া ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। ঋণ পরিশোধ ও আইনি প্রক্রিয়ার পরবর্তী অগ্রগতিই নির্ধারণ করবে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ।
সোহাগ/
