তিন বছর অপেক্ষার পর সুখবর পেলেন মৌসুমী
নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন। দেশটিতে প্রায় তিন বছর অপেক্ষার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার সুখবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
একসময় ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবে গত কয়েক বছর ধরে বড়পর্দায় তাঁকে তুলনামূলক কম দেখা গেছে। ২০২৩ সালের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।
যুক্তরাষ্ট্রে মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখভাল করছেন এই অভিনেত্রী। এর মধ্যেই দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিজের গ্রিন কার্ড পাওয়ার খবর জানান মৌসুমী।
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ দেয়। এত দিন সেখানে বসবাস করলেও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাননি মৌসুমী। গ্রিন কার্ড পাওয়ার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো তাঁর।
যুক্তরাষ্ট্রে বসবাস করলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি মৌসুমী। কিছুদিন আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ‘আ বিউটিফুল লাই’ নামের ওই সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
দীর্ঘ অভিনয়জীবনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মৌসুমী। নতুন সিনেমায় তাঁর উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের খবর—দুই বিষয় নিয়েই এখন আলোচনা হচ্ছে।
আশা/
