মিস ইউনিভার্স জিতে কত টাকা পাবেন জেনিফার, থাকছে যেসব সুবিধা
মিস ইউনিভার্সের ৭৫তম আসরের মুকুট জিতে বিশ্বজুড়ে আলোচনায় পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেত্তো। বিশ্বসুন্দরীর খেতাব অর্জনের পর এখন অনেকের আগ্রহ, এই মুকুট জয়ের মাধ্যমে কী কী পুরস্কার ও সুযোগ-সুবিধা পাচ্ছেন তিনি। নগদ অর্থ থেকে শুরু করে মাসিক ভাতা, নিউইয়র্কে থাকার ব্যবস্থা, ভ্রমণ খরচ এবং ব্যক্তিগত স্টাইলিস্টের সেবা, সব মিলিয়ে বিজয়ীর জন্য রয়েছে বিশেষ একটি পুরস্কার প্যাকেজ।
সংবাদমাধ্যম হোলার প্রতিবেদন অনুযায়ী, মিস ইউনিভার্স বিজয়ী হিসেবে জেনিফার প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার পেতে পারেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি টাকার বেশি। তবে এই অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আয়োজক সংস্থা।
মিস ইউনিভার্স জিতে কত টাকা পাবেন জেনিফার?
হোলার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিজয়ী জেনিফার বারেত্তো প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার অর্থমূল্যের পুরস্কার পেতে পারেন। গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশও একই পরিমাণ অর্থ পেয়েছিলেন বলে এ ধারণা করা হচ্ছে।
এ ছাড়া মিস ইউনিভার্স হিসেবে দায়িত্ব পালনের এক বছর প্রতি মাসে আনুমানিক ৫০ হাজার ডলার করে পাওয়ার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই অর্থকে সরাসরি বেতন হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।
গালফ নিউজ জানিয়েছে, আয়োজক সংস্থা বিষয়টিকে বিশ্বব্যাপী দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক তহবিল ও মাসিক আয়ের ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। আনুষ্ঠানিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার খরচ মেটাতেও এই অর্থ ব্যবহার করা হয়।
তবে নগদ অর্থ ও মাসিক ভাতার নির্দিষ্ট পরিমাণ নিয়ে আয়োজক সংস্থা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
নিউইয়র্কে থাকার ব্যবস্থা ও ভ্রমণ খরচ
মিস ইউনিভার্সের মুকুট জয়ের পর বিজয়ীর জন্য এক বছরের বিশেষ জীবনযাপনের ব্যবস্থাও থাকে। হোলার প্রতিবেদন অনুযায়ী, জেনিফারকে নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকার সুযোগ দেওয়া হতে পারে।
এ ছাড়া দায়িত্ব পালনের প্রয়োজনে বিমানভাড়া, হোটেল এবং বিভিন্ন দেশে যাতায়াতের খরচও বহন করা হয়। আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও সংস্থার বিভিন্ন কার্যক্রমে যোগ দেওয়ার জন্য এসব সুবিধা দেওয়া হয়।
ব্যক্তিগত স্টাইলিস্ট থেকে স্বাস্থ্যসেবা
মিস ইউনিভার্স বিজয়ীর জন্য শুধু অর্থ বা আবাসনের ব্যবস্থাই থাকে না। জনসমক্ষে উপস্থিতি ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সেবাও দেওয়া হয়।
এসব সুবিধার মধ্যে রয়েছে:
-
ব্যক্তিগত স্টাইলিস্টের সেবা
-
মেকআপ আর্টিস্ট ও চুলের বিশেষজ্ঞ
-
ব্যক্তিত্ব ও ভাবমূর্তি উন্নয়নের পরামর্শ
-
পুষ্টিবিষয়ক পরামর্শ
-
মানসিক স্বাস্থ্য সহায়তা
-
বিভিন্ন অনুষ্ঠান ও ভ্রমণের ব্যবস্থাপনা
এসব সুবিধার মূল উদ্দেশ্য হলো, এক বছর ধরে বিশ্বব্যাপী মিস ইউনিভার্সের প্রতিনিধি হিসেবে বিজয়ীকে প্রস্তুত রাখা।
৭৫ বছর পূর্তিতে পেলেন বিশেষ মুকুট
২০২৬ সালের মিস ইউনিভার্স বিজয়ী হিসেবে জেনিফার প্রথমবারের মতো পরেছেন ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এটি তৈরি করা হয়েছে।
ডেইলি ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ১২ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানে মুকুটটি উন্মোচন করা হয়।
প্যারিসের গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ'ওরের সহযোগিতায় গয়না নকশাকার জর্জ উইটেলস এটি তৈরি করেছেন। ১৮ ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি উজ্জ্বলভাবে কাটা হীরা। এর কেন্দ্রে রয়েছে তিনটি বড় হীরা।
মুকুটটির নকশায় অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতীকী অর্থ তুলে ধরা হয়েছে। দুই পাশের হীরা অতীতের পথপ্রদর্শক এবং বর্তমানে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন এমন নারীদের প্রতিনিধিত্ব করে। মাঝের হীরাটি তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে।
তবে নতুন মুকুটটির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। এটি স্থায়ীভাবে বিজয়ীর ব্যক্তিগত সম্পত্তি নয়। আনুষ্ঠানিক অনুষ্ঠানে ব্যবহারের পর পরবর্তী বিজয়ীর কাছে হস্তান্তর করা হবে।
এক বছর কী কী দায়িত্ব পালন করবেন জেনিফার?
মিস ইউনিভার্সের শিরোপার মেয়াদ এক বছর। এ সময় জেনিফার বারেত্তো প্রতিযোগিতার আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই দায়িত্বের অংশ হিসেবে তাকে বিভিন্ন দেশের গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে হবে, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিতে হবে এবং দাতব্য ও সামাজিক কার্যক্রমে যুক্ত থাকতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে মিস ইউনিভার্স সংস্থার প্রতিনিধিত্ব করবেন।
এক বছর দায়িত্ব পালনের পর পরবর্তী আসরে মঞ্চে ফিরে নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন তিনি।
সব মিলিয়ে, মিস ইউনিভার্সের মুকুট জেতা শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতার বিজয় নয়। এর সঙ্গে যুক্ত থাকে আন্তর্জাতিক পরিচিতি, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এক বছরের জন্য নানা ধরনের পেশাগত সুযোগ-সুবিধা।
সিদ্দিকা/
