৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চাইল পুলিশ সদরদপ্তর
নিজস্ব প্রতিবেদক: বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলাসংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদরদপ্তর। এ জন্য দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে চিঠি পাঠিয়ে আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। তালিকায় ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন কর্মকর্তা রয়েছেন।
কর্মকর্তাদের বিরুদ্ধে কী তথ্য চাওয়া হয়েছে?
পুলিশ সদরদপ্তরের চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। মামলা থাকলে সেটির সর্বশেষ অবস্থা ও হালনাগাদ তথ্য পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া কর্মকর্তাদের বিভাগীয় শৃঙ্খলাসংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হার্ডকপি ও সফটকপি, দুই মাধ্যমেই এসব তথ্য পুলিশ সদরদপ্তরে পাঠাতে হবে।
যেসব পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে চিঠি
এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করে সদরদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৩০তম ও ৩১তম বিসিএসের যেসব কর্মকর্তা তালিকায়
পুলিশ সদরদপ্তরের তালিকায় থাকা ৩৫৭ কর্মকর্তা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। তারা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত রয়েছেন।
তালিকাভুক্ত কর্মকর্তাদের কর্মস্থলের মধ্যে রয়েছে পুলিশ সদরদপ্তর, ডিএমপি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার।
নথিতে কয়েকজন কর্মকর্তার বিশেষ অবস্থার তথ্যও উল্লেখ রয়েছে। তাঁদের মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত হিসেবে দেখানো হয়েছে। অন্য একজন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে কর্মরত রয়েছেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
এর আগেও তথ্য চেয়েছিল পুলিশ সদরদপ্তর
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভাগীয় শৃঙ্খলা ও ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
এর ধারাবাহিকতায় এবার ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে বিভিন্ন পুলিশ ইউনিটের কাছে একই বিষয়ে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।
তবে ৩৫৭ কর্মকর্তার সবার বিরুদ্ধে মামলা বা বিভাগীয় ব্যবস্থা রয়েছে, এমন কোনো তথ্য চিঠিতে বলা হয়নি। তাঁদের বিষয়ে তথ্য যাচাই ও সংগ্রহের জন্যই পুলিশ সদরদপ্তর এই নির্দেশনা দিয়েছে।
সিদ্দিকা/
