নভেম্বরে ডিজেল-পেট্রোল-অকটেনের দাম
নিজস্ব প্রতিবেদক: নভেম্বর মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে অক্টোবর মাসে নির্ধারিত দামেই চলতি মাসে বিক্রি হবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন। নতুন করে দাম বাড়ানো বা কমানো হয়নি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, রোববার (১ নভেম্বর) থেকে নতুন মাসের জন্য আগের নির্ধারিত দাম কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম হবে:
| জ্বালানি তেলের নাম | লিটারপ্রতি দাম |
|---|---|
| ডিজেল | ১৩৫ টাকা |
| অকটেন | ১৬৫ টাকা |
| পেট্রোল | ১৬০ টাকা |
| কেরোসিন | ১৫৫ টাকা |
অর্থাৎ, নভেম্বর মাসে ডিজেল কিনতে প্রতি লিটারে ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দিতে হবে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। তবে নভেম্বর মাসের জন্য আগের দামই বহাল রেখেছে সরকার। গত ২৯ অক্টোবর এ বিষয়ে পরিপত্র জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কথা জানিয়ে গত ২০ সেপ্টেম্বর দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল।
সেপ্টেম্বরের মূল্যবৃদ্ধির আগে দেশে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা। পরে তা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। একইভাবে অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।
তখন জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ বৃদ্ধির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বড় ধরনের লোকসানের মুখে পড়ে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির লোকসানের পরিমাণ ছিল প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা।
সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রাখা এবং জ্বালানি তেল পাচার ঠেকানোর বিষয় বিবেচনায় দেশে দাম সমন্বয় করা হয়েছিল।
তবে নভেম্বর মাসে নতুন কোনো মূল্যবৃদ্ধি না হওয়ায় আপাতত আগের নির্ধারিত দামেই জ্বালানি তেল কিনতে পারবেন দেশের।
সোহাগ/
