নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় পে-স্কেল ২০২৬-এ সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সব গ্রেডের সরকারি কর্মচারী মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেলেও নতুন কাঠামোয় উচ্চতর গ্রেডের জন্য এই হার ধাপে ধাপে কমানোর প্রস্তাব রয়েছে।
কোন গ্রেডে কত শতাংশ ইনক্রিমেন্ট
প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০তম থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্টের হার ৫ শতাংশ রাখা হচ্ছে। এরপর উচ্চতর গ্রেডগুলোতে হার কমবে।
-
২০তম থেকে ৬ষ্ঠ গ্রেড: ৫ শতাংশ
-
৫ম গ্রেড: ৪ শতাংশ
-
৪র্থ ও ৩য় গ্রেড: ৩ দশমিক ৫ শতাংশ
-
২য় গ্রেড: ২ দশমিক ৭৫ শতাংশ
অর্থাৎ, নতুন কাঠামোয় উচ্চতর গ্রেডে বেতন যত বাড়বে, বার্ষিক ইনক্রিমেন্টের শতাংশ তত কমার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে অবশ্য সব গ্রেডেই ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হয়।
সশস্ত্র বাহিনীতেও বদলাবে ইনক্রিমেন্ট
সশস্ত্র বাহিনীর জন্যও একই ধরনের গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট কাঠামোর প্রস্তাব রয়েছে। এতে ক্যাপ্টেন ও সমপদ এবং এর নিচের পদে ৫ শতাংশ, মেজরে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের কথা বলা হয়েছে।
বাড়ছে মূল বেতন, বদলাবে বাড়িভাতার হার
নতুন জাতীয় বেতন স্কেলে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। অনুমোদিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি বাড়িভাতার শতাংশে পরিবর্তনের প্রস্তাব রয়েছে। ঢাকায় বর্তমান ৫০–৬৫ শতাংশের পরিবর্তে ৪০–৬০ শতাংশ, ঢাকা বাইরের সিটি করপোরেশন ও সাভারে ৪০–৫৫ শতাংশের পরিবর্তে ৩০–৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩৫–৫০ শতাংশের পরিবর্তে ২৫–৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
উচ্চতর গ্রেড পাওয়ার সময় কমছে
নতুন কাঠামোয় উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে ১০ বছর চাকরির পর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকলেও নতুন নিয়মে তা কমিয়ে ৮ বছর করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় উচ্চতর গ্রেডের ক্ষেত্রে ছয় বছর চাকরির শর্ত রাখার কথা বলা হয়েছে।
চিকিৎসা ভাতায়ও পরিবর্তন
প্রস্তাবিত নতুন কাঠামোয় চিকিৎসা ভাতা বাড়ানোর কথা রয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত চাকরিজীবীদের মাসে ৩ হাজার টাকা এবং ৫০ থেকে ৬০ বছর বয়সীদের ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীদের ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
নতুন করে মোবাইল ভাতার প্রস্তাব
৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য মাসে ১৫০ টাকা মোবাইল ভাতার প্রস্তাব করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম গ্রেডের জন্য এ ভাতা হবে ৫০০ টাকা।
এর পাশাপাশি যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাসহ কয়েকটি ভাতা বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
বাতিল হতে পারে বিশেষ প্রণোদনা
২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনা নতুন পে-স্কেল কার্যকর হলে বাতিল করার প্রস্তাব রয়েছে। এই প্রণোদনা প্রথমে ৫ শতাংশ এবং পরে ১০ শতাংশ করা হয়েছিল।
কবে থেকে কার্যকর নতুন পে-স্কেল
গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন করা হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য সংশ্লিষ্ট বেতন কাঠামোও অনুমোদন করা হয়েছে। নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের অনুমোদিত কাঠামো অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন তিন ধাপে বাস্তবায়নের কথা রয়েছে। নতুন কাঠামোর বিভিন্ন ভাতা ২০২৮ সালের জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনাও জানানো হয়েছে।
নতুন পে-স্কেলে প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী এবং প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
