| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১১ ১৯:১৮:৪৩
পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত ‘নবম জাতীয় পে-স্কেল ২০২৬’ বাস্তবায়নের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে চূড়ান্ত ভেটিংয়ের পর্যায়ে রয়েছে। আইন মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর মূল গেজেট প্রকাশ করা হবে।

নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরি বৈচিত্র্য বিবেচনায় বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য মোট সাতটি পৃথক এসআরও (বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ) জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূল প্রজ্ঞাপনের মাধ্যমে সামগ্রিক বেতন কাঠামো ঘোষণা করা হলেও পৃথক এসআরওর মাধ্যমে বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বাস্তবায়নের বিস্তারিত কাঠামো নির্ধারণ করা হবে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিভিন্ন খাতের চাকরির শর্ত, কাজের ধরন ও প্রশাসনিক ব্যবস্থায় ভিন্নতা রয়েছে। এ কারণেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা এসআরও প্রস্তুত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষ করে প্রজ্ঞাপন জারি হলেই বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম দ্রুত শুরু হবে।

সরকারি চাকরিজীবীরা কোন ক্যাটাগরিতে

নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রস্তাবিত সাতটি পৃথক কাঠামো বা এসআরও হলো—

১. সিভিল বা বেসামরিক প্রশাসন

সরকারের সাধারণ বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই কাঠামো প্রযোজ্য হবে।

২. পুলিশ বিভাগ

পুলিশ সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সংশ্লিষ্ট আর্থিক সুবিধা নির্ধারণে পৃথক এসআরও থাকবে।

৩. বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবির কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা বাস্তবায়নে আলাদা বিধান থাকবে।

৪. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সরকারি ব্যাংক এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক কাঠামো কার্যকর করা হবে।

৫. স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

সরকারের বিভিন্ন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা এসআরও থাকবে।

৬. সশস্ত্র বাহিনী

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের জন্য সংশ্লিষ্ট বাহিনীর নির্দেশনা অনুযায়ী পৃথক বেতন কাঠামো কার্যকর করা হবে।

৭. বিচার বিভাগ

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা ও বিচারকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রযোজ্য হবে।

অর্থাৎ, একটি মূল প্রজ্ঞাপনের মাধ্যমে নবম পে-স্কেলের সামগ্রিক কাঠামো কার্যকর হলেও বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর ক্ষেত্রে কীভাবে তা প্রয়োগ হবে, তার বিস্তারিত বিধান পৃথক এসআরওর মাধ্যমে স্পষ্ট করা হবে।

আইবাস++-এ হবে নতুন বেতন নির্ধারণ

নবম পে-স্কেল বাস্তবায়নে প্রচলিত কাগজ-কলমের পদ্ধতির পরিবর্তে তথ্যপ্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ জন্য সরকারি আর্থিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম আইবাস++ (iBAS++)-এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজিটাল ব্যবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের পদবি, বর্তমান গ্রেড, মূল বেতন, চাকরিতে যোগদানের তারিখ, বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট, পদোন্নতি এবং উচ্চতর গ্রেডসংক্রান্ত তথ্য অনলাইনে হালনাগাদ করতে হবে।

তথ্য যাচাই-বাছাই শেষে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর নতুন মূল বেতন ও বিভিন্ন ভাতার হিসাব নির্ধারণ করবে।

অর্থ বিভাগের উদ্যোগের লক্ষ্য হলো কাগজে-কলমে বেতন নির্ধারণের জটিলতা কমানো। এতে কর্মকর্তা-কর্মচারীদের হিসাবরক্ষণ অফিসে বারবার যেতে হবে না। পাশাপাশি ভুল হিসাব, দ্বৈত আর্থিক সুবিধা গ্রহণ কিংবা অতিরিক্ত অর্থ পরিশোধের ঝুঁকিও কমবে।

২০টি গ্রেডই থাকছে

অনুমোদিত নতুন বেতন কাঠামোতে আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন রাখা হয়েছে ২০ হাজার টাকা।

নতুন পে-স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে। বর্তমানে আইবাস++-এর কারিগরি প্রস্তুতির কাজ চলছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মূল প্রজ্ঞাপন প্রকাশের পর সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন নির্ধারণ ও পে-স্কেল বাস্তবায়নের আনুষঙ্গিক বিষয়গুলো আরও স্পষ্ট করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...