রোনান সুলিভানকে নিয়ে সাফের প্রাথমিক দল বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া তরুণ ফুটবলার রোনান সুলিভান ও মাহি খান। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই প্রতিযোগিতা।
সিনিয়র জাতীয় দলে খেলার অভিজ্ঞতা না থাকলেও দুজনই বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। তাঁদের মধ্যে রোনান গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন। ওই টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স জাতীয় দলের কোচ টমাস ডুলির নজর কাড়ে।
কে এই রোনান সুলিভান?
রোনান সুলিভান যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবলে খেলছেন। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা এবার তাঁকে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে দিয়েছে।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোনানের ভাই ডেক্লান সুলিভানও বাংলাদেশের হয়ে খেলেছিলেন। তবে এবার সিনিয়র দলের প্রাথমিক তালিকায় তাঁর নাম নেই।
দলের আরেক তরুণ ফুটবলার মাহি খান খেলছেন ইংল্যান্ডের নবম স্তরের লিগের ক্লাব মলটন এফসিতে। রোনানের মতো তিনিও এখনো সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়।
দলে ফিরেছেন তপু ও বিশ্বনাথ
সাফের প্রাথমিক দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। গত ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে তাঁরা বাংলাদেশের দলে ছিলেন না।
চোটের কারণে আসিয়ান কাপে খেলতে না পারা ফরোয়ার্ড ফয়সাল আহমেদও জায়গা পেয়েছেন প্রাথমিক দলে।
অন্যদিকে, আসিয়ান কাপের চূড়ান্ত দলে থাকলেও সাফের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি শাকিল আহাদ, মঞ্জুরুর রহমান ও শাহরিয়ার ইমনের। ঘোষিত ২৮ সদস্যের দলের বাইরে অনুশীলনের জন্য রাখা হয়েছে দুই গোলকিপার মোহাম্মদ আসিফ ও ইসহাক আকন্দকে।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে ছয় দলের সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ। প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা।
‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের।
বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ।
মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান ও শুকি ইতোফুসা।
প্রাথমিক এই দল থেকে চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে ভালো ফলের লক্ষ্যে নতুন ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে দল গড়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
আয়শা/
