মন্ত্রী-সচিবের অফিসের পাশেই ৩ সাপ, সচিবালয়ে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ তলার করিডোরে একে একে তিনটি সাপের দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলায় প্রথমে দুটি এবং কিছুক্ষণ পর আরও একটি সাপ দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। এতে মন্ত্রণালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৬ নম্বর ভবনের ১৯ তলাতেই শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কার্যালয় রয়েছে।
প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে এসে করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপ দেখা যায়। করিডোরে সাপগুলো চলাফেরা করতে দেখে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপকেই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, সচিবালয়ের মতো একটি সুরক্ষিত ও উঁচু ভবনের ১৯ তলার করিডোরে একসঙ্গে তিনটি সাপের উপস্থিতি অস্বাভাবিক। ভবনের ভেতরের কোনো স্টোররুম বা অন্য কোনো জায়গায় আরও সাপ লুকিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ।
এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোহাগ/
