পাকিস্তানের হাসপাতালে আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। আগুনের ঘটনায় আরও একজন নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের নবজাতক পরিচর্যা কক্ষে আগুন লাগে। ওই সময় কক্ষে মোট ১৬ জন নবজাতক ছিল। আগুনের পর মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, নবজাতক পরিচর্যা কক্ষে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন দ্রুত ওই কক্ষে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পরও ঘটনাস্থলে তাপ কমানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং আগুন লাগার পর হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ এবং নিরাপত্তাব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সিদ্দিকা/
