এসএসসি ও সমমানের ফল সোমবার, একক্লিকে ফল দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় একযোগে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। এ ছাড়া শিক্ষার্থীরা eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল দেখতে পারবেন।
এসএমএসে যেভাবে ফল জানবেন
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে স্পেস দিয়ে পরীক্ষার বছর 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC DHA 123456 2026
ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য নির্ধারিত মাশুল প্রযোজ্য হবে।
দাখিলের ফল
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীরা এসএমএসে ফল জানতে DAKHIL লিখে স্পেস দিয়ে MAD, এরপর রোল নম্বর ও 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে পারবেন।
উদাহরণ: DAKHIL MAD 123456 2026
কারিগরি বোর্ডের ফল
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসে SSC TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC TEC 123456 2026
ফল পুনর্নিরীক্ষণের আবেদন
প্রকাশিত ফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ থাকবে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ আগস্ট থেকে অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
তাই ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন বা এসএমএসের মাধ্যমে দ্রুত নিজেদের ফলাফল জেনে নিতে পারবেন।
এক ক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
সিদ্দিকা/
