নবম পে-স্কেল কার্যকর হলে জুলাই থেকেই মিলবে বকেয়া বেতন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন এখনও জারি না হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে অর্থ বিভাগ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করে প্রজ্ঞাপন প্রকাশের পর চলতি বছরের জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গে বকেয়া (এরিয়ার) হিসেবে পরিশোধ করা হবে।
সরকার গত ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দিলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীরা এখনো আগের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। তবে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই জুলাই থেকে কার্যকর হওয়া বর্ধিত অংশ এককালীন এরিয়ার হিসেবে দেওয়া হবে বলে অর্থ বিভাগ নিশ্চিত করেছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি বাধ্যতামূলক প্রশাসনিক ও আইনি ধাপ সম্পন্ন করতে হচ্ছে। এর মধ্যে রয়েছে মন্ত্রিসভার অনুমোদন, বিভিন্ন খাতের জন্য পৃথক আদেশ প্রস্তুত, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ভেটিং, বিধিবদ্ধ আদেশ (এসআরও) নম্বর গ্রহণ এবং সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) প্রজ্ঞাপন প্রকাশ। এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে।
গত বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলমান রয়েছে। প্রক্রিয়া শেষ হলে বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি আরও বলেন, নতুন পে-স্কেল কার্যকরের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই।
এদিকে নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আর্থিক সক্ষমতার বিষয়টিও আলোচনায় রয়েছে। আইএমএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভর্তুকি এবং বিভিন্ন সহায়তা খাতে সরকারের ব্যয় দ্রুত বাড়লেও রাজস্ব আয় সেই হারে বাড়ছে না। মূল্যস্ফীতি ও আর্থিক চাপের কারণে এই মুহূর্তে নতুন পে-স্কেল বাস্তবায়ন অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে বলেও সংস্থাটি মত দিয়েছে।
এ কারণে আইএমএফ নতুন পে-স্কেল অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী অক্টোবরে আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার পর বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য নির্ধারিত একটি দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটির মাধ্যমে তা পর্যালোচনা করা হয়। এরপর কমিটির সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় এবং অনুমোদনের পরই প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়।
সব আনুষ্ঠানিকতা শেষ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাওয়ার পাশাপাশি জুলাই মাস থেকে প্রাপ্য বর্ধিত অর্থও একসঙ্গে এরিয়ার হিসেবে হাতে পাবেন।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
