নবম পে-স্কেল: গেজেটে দেরি কেন, সুপারিশে কাটছাঁটের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা বাজেটে এলেও এখনো প্রকাশ হয়নি গেজেট। এতে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা। সংশ্লিষ্ট সূত্র বলছে, পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকারের অবস্থান অপরিবর্তিত থাকলেও এর কাঠামো, ধাপ এবং কমিশনের সুপারিশ কতটা গ্রহণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর এ কারণেই বিলম্ব হচ্ছে গেজেট প্রকাশে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুতে জাতীয় বেতন কমিশনের সুপারিশ তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা ছিল। সে অনুযায়ী ২০২৬ সালের ১ জুলাই মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকর করার প্রস্তাব ছিল।
তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারীর বর্তমান মূল বেতন কমিশনের প্রস্তাবিত কাঠামোর কাছাকাছি পৌঁছে গেছে। ফলে অর্ধেক বেতন কার্যকর করলে প্রত্যাশিত সুবিধা মিলবে না, বরং কিছু ক্ষেত্রে বেতন কাঠামোয় অসামঞ্জস্যও তৈরি হতে পারে।
এ অবস্থায় দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসে। প্রস্তাব ছিল, চলতি বছরের ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর করা হবে এবং পরবর্তী অর্থবছরে নতুন ভাতা চালু হবে। তবে সর্বশেষ আলোচনায় আবারও তিন ধাপের পরিকল্পনা সামনে এসেছে। সেখানে প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী দুই ধাপে বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধা কার্যকর করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আপত্তি জানিয়েছে বলে যে আলোচনা রয়েছে, তা নাকচ করেছে অর্থ মন্ত্রণালয়। গত জুলাইয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে আইএমএফের ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই। আইএমএফ শুধু অর্থায়নের উৎস সম্পর্কে জানতে চেয়েছে, কোনো আনুষ্ঠানিক আপত্তি জানায়নি।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ২৫ হাজার ৫১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জনপ্রশাসন খাতে বরাদ্দও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তবে বাজেট ঘাটতি এবং রাজস্ব আহরণের বাস্তবতা বিবেচনায় সরকার ব্যয়ের অগ্রাধিকার পুনর্বিন্যাস করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়। পাশাপাশি বর্তমান ২০টি গ্রেড বহাল রাখারও সুপারিশ করা হয়েছিল।
তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, রাজস্ব আয় এবং বাজেট ঘাটতির বিষয়গুলো বিবেচনায় কমিশনের সুপারিশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মূল বেতন, বিভিন্ন ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধায় কাটছাঁট বা সংশোধন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গেজেট প্রকাশের সময় নিয়েও রয়েছে ভিন্নমত। কেউ বলছেন আগস্টেই প্রজ্ঞাপন জারি হতে পারে, আবার কেউ মনে করছেন প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। তবে সরকারের অবস্থান হলো, গেজেট পরে প্রকাশ হলেও নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে। ফলে গেজেট প্রকাশের পর কর্মকর্তা-কর্মচারীরা জুলাই থেকে প্রাপ্য বকেয়া সুবিধাও পাবেন।
শুধু অর্থের সংস্থান নয়, প্রযুক্তিগত প্রস্তুতিও এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বর্তমানে সরকারি বেতন-ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এবং আইবাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। নতুন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করতে গেলে এই সফটওয়্যারেও প্রয়োজন হবে বড় ধরনের পরিবর্তন।
এদিকে গেজেট প্রকাশে দেরি হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করে বাস্তবায়ন শুরু করার আহ্বান জানিয়েছেন তারা।
এখন সবার নজর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কমিশনের সুপারিশে কতটা পরিবর্তন আসবে, বাস্তবায়ন হবে কত ধাপে, নতুন ভাতা কবে থেকে কার্যকর হবে এবং গেজেট ঠিক কবে প্রকাশ হবে, এসব প্রশ্নের উত্তর মিললেই শেষ হবে দীর্ঘ প্রতীক্ষার।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
