সৌদিতে অবৈধ অবস্থানকারীদের জন্য কঠোর বার্তা
নিজস্ব প্রতিবেদক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। নতুন সতর্কবার্তায় জানানো হয়েছে, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করাকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইন আরও কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবেশ ভিসার অপব্যবহার রোধ এবং দর্শনার্থীরা যেন অনুমোদিত সময়ের বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করতেই এই অভিযান জোরদার করা হয়েছে।
মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বৈধ বাসিন্দাদের সন্দেহজনক আইন লঙ্ঘনের তথ্য কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে। এ জন্য ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে বিশেষ হটলাইন। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানানো যাবে।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, নিরাপত্তা জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আবাসন ও সীমান্ত-সংক্রান্ত আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইনের লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে সৌদি প্রশাসন। সংশ্লিষ্টদের সতর্ক করে কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ অথবা প্রয়োজনীয় নিয়ম মেনে ভিসার নবায়ন করতে হবে। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
সিদ্দিকা/
