আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই, কয়েক দিন কেমন থাকবে তাপমাত্রা?
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী কয়েক দিন তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও বড় ধরনের পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন না এলেও তাপমাত্রায় কিছুটা ওঠানামা হতে পারে।
- রোববার: সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
- সোমবার: আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
- মঙ্গলবার: সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
- বুধবার: আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস রয়েছে।
দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত?
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে আজ সকাল থেকে ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে।
আয়শা/
