| ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেট্রোরেলের রুট নির্ধারণ, চলবে পাতালপথে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৮ ১৬:১৫:৩৬
চট্টগ্রামে মেট্রোরেলের রুট নির্ধারণ, চলবে পাতালপথে

চট্টগ্রাম নগরে মেট্রোরেল নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে প্রাথমিকভাবে একটি রুট নির্ধারণ করা হয়েছে। কালুরঘাটের জানালীহাট থেকে শুরু হয়ে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা ও বটতলী রেলস্টেশন হয়ে পতেঙ্গা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে প্রস্তাবিত এই রুটের। তবে সড়কের ওপর দিয়ে উড়ালপথে মেট্রোরেল নির্মাণের সুযোগ কম থাকায় পাতালপথের সম্ভাবনা বিবেচনা করছেন সমীক্ষার সঙ্গে যুক্ত কর্মকর্তারা।

প্রস্তাবিত রুটটি এখনো চূড়ান্ত হয়নি। এ পথে মেট্রোরেল নির্মাণ কারিগরি ও অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত কি না, তা যাচাই করতে জরিপ করা হবে। জরিপের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ‘চট্টগ্রাম মহানগরীর পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন ও মেট্রোরেল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা’ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

যেসব এলাকা দিয়ে যেতে পারে মেট্রোরেল

প্রাথমিকভাবে নির্ধারিত রুটটি কালুরঘাটের জানালীহাট থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়, চকবাজার, নবাব সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা ও বটতলী রেলস্টেশন অতিক্রম করবে। এরপর বারিক বিল্ডিং মোড় হয়ে পতেঙ্গায় পৌঁছানোর প্রস্তাব রয়েছে।

তবে নগরের প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউ এড়িয়ে এই রুট নির্ধারণের পেছনে রয়েছে বেশ কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা। সিডিএ অ্যাভিনিউতে ইতিমধ্যে দুটি উড়ালসড়ক নির্মিত হয়েছে। বহদ্দারহাট থেকে আন্দরকিল্লা এবং আন্দরকিল্লা থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত এলাকাও ঘনবসতিপূর্ণ।

এ ছাড়া বারিক বিল্ডিং মোড় থেকে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কের ওপর রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এসব কারণে সড়কের ওপর দিয়ে মেট্রোরেল নির্মাণের পরিবর্তে ভূগর্ভস্থ বা পাতালপথে নির্মাণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

ডিসেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে জরিপ

ডিটিসিএর ট্রাফিক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, প্রকল্পের আওতায় দুটি কাজ চলছে। একটি হচ্ছে চট্টগ্রামের জন্য পরিবহন মহাপরিকল্পনা তৈরি, অন্যটি মেট্রোরেল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই। পরিবহন মহাপরিকল্পনা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

তিনি জানান, যাত্রী চাহিদাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক রুট নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রস্তাবিত রুটে জরিপ শুরু করার পরিকল্পনা রয়েছে।

জরিপে রুটটি কারিগরি ও অর্থনৈতিকভাবে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হলে পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা করতে হবে। সেখানে প্রকৌশলগত নকশা, নির্মাণ ব্যয়, যাত্রী চাহিদা এবং আর্থিক দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে।

প্রকল্প পরিচালক আরও জানিয়েছেন, পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষার জন্য নতুন প্রকল্প নিতে হবে। মেট্রোরেল বাস্তবায়নের দায়িত্ব কোন সংস্থা পাবে এবং কীভাবে অর্থায়ন করা হবে, সে সিদ্ধান্তও পরবর্তী সময়ে সরকার নেবে।

মেট্রোরেল সমীক্ষায় ব্যয় হচ্ছে ৭০ কোটি টাকা

চট্টগ্রামের পরিবহন মহাপরিকল্পনা তৈরি ও মেট্রোরেল নির্মাণের সম্ভাবনা যাচাইয়ের জন্য ৭০ কোটি ৬৩ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ কোটি ৬৩ লাখ টাকা এবং দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা থেকে ৫৭ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে।

২০২২ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ প্রকল্প নিয়ে চুক্তি হয়। ২০২৩ সালের ৩১ জানুয়ারি চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। পরে তা বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। পরিবহন মহাপরিকল্পনা তৈরির পাশাপাশি নগরের দীর্ঘমেয়াদি পরিবহনব্যবস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ও প্রকল্পের আওতায় রয়েছে।

আগে বিবেচনায় ছিল তিনটি মেট্রোরেল রুট

চট্টগ্রামে মেট্রোরেলের প্রাক্‌-সম্ভাব্যতা যাচাইয়ের শুরুতে তিনটি সম্ভাব্য রুট নিয়ে আলোচনা হয়েছিল। এর মধ্যে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার, সিটি গেট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এবং অক্সিজেন থেকে ফিরিঙ্গিবাজার ও পাঁচলাইশ হয়ে এ কে খান পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রুট বিবেচনায় ছিল।

তিনটি রুটের মোট দৈর্ঘ্য ধরা হয়েছিল প্রায় সাড়ে ৫৪ কিলোমিটার। তবে এগুলো চূড়ান্ত প্রস্তাব ছিল না। পরবর্তী সময়ে যাত্রী চাহিদা, সড়কের অবস্থা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণের কথা রয়েছে।

জানালীহাট থেকে পতেঙ্গা পর্যন্ত নতুন যে রুটের কথা বলা হচ্ছে, সেটিও প্রাথমিক পর্যায়ের প্রস্তাব।

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ নিয়ে কেন প্রশ্ন?

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের প্রয়োজনীয়তা ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে আগে থেকেই আলোচনা রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খসড়া ট্রাফিক ও পরিবহন মহাপরিকল্পনায় বলা হয়েছে, নগরে এই মুহূর্তে মেট্রোরেল বা মনোরেল নির্মাণের প্রয়োজন নেই। এর পরিবর্তে আধুনিক বাস চালু, বাস রুট পুনর্বিন্যাস এবং বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

খসড়া পরিকল্পনা অনুযায়ী, মেট্রোরেল অর্থনৈতিকভাবে কার্যকর করতে প্রতি ঘণ্টায় প্রতি দিকে অন্তত ১৮ হাজার যাত্রীর চাহিদা প্রয়োজন। চট্টগ্রামে বর্তমানে সেই পরিমাণ যাত্রী নেই বলে উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালে বিশ্বব্যাংকের উদ্যোগে করা চট্টগ্রামের কৌশলগত পরিবহন মহাপরিকল্পনার সমীক্ষাতেও ২০৫০ সালের মধ্যে এ মাত্রার যাত্রী চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়েছিল।

সিডিএর খসড়া পরিকল্পনায় আরও বলা হয়েছে, মেট্রোরেল বা মনোরেল নির্মাণে ২৫ হাজার থেকে ৩০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। নগরের প্রধান সড়কগুলোতে উড়ালসড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হওয়ায় উড়ালপথে মেট্রোরেল নির্মাণ কঠিন। অন্যদিকে পাতালপথে নির্মাণ সম্ভব হলেও ব্যয় অনেক বেশি হতে পারে। ফলে প্রকল্পটি অর্থনৈতিকভাবে কতটা টেকসই হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সমীক্ষার ওপর

চট্টগ্রামের পরিবহনব্যবস্থা উন্নয়নে মেট্রোরেল ছাড়াও মনোরেল, লাইট রেল ট্রানজিট (এলআরটি), সড়ক অবকাঠামো এবং জলপথের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। নগরের যানজট, যাত্রী চাহিদা ও ভবিষ্যতের পরিবহন প্রয়োজন বিশ্লেষণ করে কোন পথে কোন ধরনের গণপরিবহন কার্যকর হবে, তা নির্ধারণের কথা রয়েছে।

ডিটিসিএর কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, বেশি যাত্রী চলাচল করে এমন রুটে মেট্রোরেল এবং তুলনামূলক কম যাত্রী চাহিদার রুটে মনোরেল নির্মাণের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।

সব মিলিয়ে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের আলোচনা এগোলেও এখনই নির্মাণকাজ শুরুর সিদ্ধান্ত হয়নি। জানালীহাট থেকে পতেঙ্গা পর্যন্ত প্রস্তাবিত রুটে জরিপ, পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা এবং অর্থায়নের সিদ্ধান্তের পরই প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, মেজর লিগ ...

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ...