১৫০-২০০ সিসি বাইকের বাজারে শীর্ষে পালসার
ভারতের মোটরসাইকেল বাজারে ১৫০ থেকে ২০০ সিসি সেগমেন্টে বিক্রি বেড়েছে। ২০২৬ সালের অক্টোবরে এই শ্রেণির মোটরসাইকেল বিক্রি গত বছরের একই মাসের তুলনায় প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিক্রির তালিকায় টিভিএস অ্যাপাচিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বাজাজ পালসার। অন্যদিকে, ইয়ামাহা আর১৫ মডেলটি বছরওয়ারি বিক্রিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।
ভারতীয় অটোমোবাইলবিষয়ক সংবাদমাধ্যম RushLane-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে দেশটিতে ১৫০-২০০ সিসি সেগমেন্টে মোট ২ লাখ ৪০ হাজার ৫০৬টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। ২০২৫ সালের একই সময়ে বিক্রি হয়েছিল ২ লাখ ১৬ হাজার ৮৩১টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ১০ দশমিক ৯২ শতাংশ।
পালসার-অ্যাপাচির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
অক্টোবরে ৬৫ হাজার ২৯২ ইউনিট বিক্রি নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে বাজাজ পালসার। গত বছরের একই মাসে মডেলটির বিক্রি ছিল ৫৬ হাজার ৫৮৫ ইউনিট। সে হিসাবে বছরওয়ারি বিক্রি বেড়েছে ১৫ দশমিক ৩৯ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে টিভিএস অ্যাপাচি। অক্টোবর মাসে মডেলটির বিক্রি হয়েছে ৬৩ হাজার ৪১১ ইউনিট, যা গত বছরের একই সময়ের ৬১ হাজার ৬১৯ ইউনিটের তুলনায় ২ দশমিক ৯১ শতাংশ বেশি।
গত বছর অক্টোবর মাসে পালসারের চেয়ে ৫ হাজার ৩৪ ইউনিট এগিয়ে ছিল অ্যাপাচি। তবে ২০২৬ সালের অক্টোবরে চিত্র বদলে গেছে। এবার পালসার অ্যাপাচির চেয়ে ১ হাজার ৮৮১ ইউনিট বেশি বিক্রি হয়েছে।
তৃতীয় স্থানে রয়েছে হোন্ডা ইউনিকর্ন। অক্টোবর মাসে মডেলটির বিক্রি দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৬৮ ইউনিটে। গত বছরের একই মাসে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৮২৫ ইউনিট। এতে বিক্রি বেড়েছে ১২ দশমিক ৯৯ শতাংশ।
ইয়ামাহার চার মডেলের বিক্রি ৫৪ হাজার ছাড়িয়েছে
১৫০-২০০ সিসি সেগমেন্টে ইয়ামাহার চারটি মডেল উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইয়ামাহা এফজেড। অক্টোবর মাসে মডেলটির বিক্রি হয়েছে ১৮ হাজার ৩৭০ ইউনিট, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বেশি।
পঞ্চম স্থানে থাকা ইয়ামাহা এমটি-১৫ বিক্রি হয়েছে ১৬ হাজার ২২৭ ইউনিট। বছরওয়ারি প্রবৃদ্ধি ২৩ দশমিক ১৮ শতাংশ।
তবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ইয়ামাহা আর১৫-এর বিক্রিতে। গত বছরের অক্টোবরে মডেলটির বিক্রি ছিল ৭ হাজার ৯৪৯ ইউনিট। চলতি বছরের একই মাসে তা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮৩৫ ইউনিট। অর্থাৎ বিক্রি বেড়েছে ৮৬ দশমিক ৬৩ শতাংশ।
অন্যদিকে, ইয়ামাহা এক্সএসআর বিক্রি হয়েছে ৫ হাজার ২১৮ ইউনিট। সব মিলিয়ে এফজেড, এমটি-১৫, আর১৫ ও এক্সএসআর মডেলের মোট বিক্রি দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৫০ ইউনিটে।
অন্যান্য ব্র্যান্ডের বিক্রিতে মিশ্র চিত্র
তালিকার অষ্টম স্থানে রয়েছে হিরো এক্সপালস ২০০। অক্টোবর মাসে মডেলটির বিক্রি হয়েছে ৫ হাজার ২৫ ইউনিট, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ৭৬ শতাংশ বেশি।
কেটিএমের ১৬০ ও ২০০ সিসি মডেল মিলিয়ে বিক্রি হয়েছে ৩ হাজার ৫৫৩ ইউনিট। তবে গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ।
হিরো এক্সট্রিম ১৬০-এর বিক্রি হয়েছে ১ হাজার ৭৮৫ ইউনিট। বছরওয়ারি হিসাবে কমেছে ৩৩ দশমিক ১৫ শতাংশ।
হোন্ডা এসপি ১৬০-এর বিক্রি কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ ইউনিটে। গত বছরের অক্টোবরে মডেলটির বিক্রি ছিল ৫ হাজার ৭৫৬ ইউনিট। অর্থাৎ কমেছে ৮০ দশমিক ৮২ শতাংশ, যা তালিকাভুক্ত মডেলগুলোর মধ্যে বড় পতন।
এ ছাড়া সুজুকি জিক্সার বিক্রি হয়েছে ৮৫৯ ইউনিট, হোন্ডা হর্নেট ২.০ বিক্রি হয়েছে ৫৭২ ইউনিট এবং হোন্ডা সিবি২০০এক্স বিক্রি হয়েছে ৩৮৭ ইউনিট। বাজাজ অ্যাভেঞ্জারের ক্ষেত্রে অক্টোবরে কোনো বিক্রি নথিভুক্ত হয়নি।
ব্র্যান্ডভিত্তিক বিক্রিতে এগিয়ে বাজাজ
প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা ব্র্যান্ডভিত্তিক হিসাবেও শীর্ষে রয়েছে বাজাজ। অক্টোবর মাসে প্রতিষ্ঠানটির ১৫০-২০০ সিসি সেগমেন্টের মোটরসাইকেল বিক্রি হয়েছে ৬৫ হাজার ২৯২ ইউনিট। বাজারে তাদের অংশীদারত্ব ২৭ দশমিক ১৫ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা টিভিএস বিক্রি করেছে ৬৩ হাজার ৪১১ ইউনিট। অন্যদিকে, ইয়ামাহার চারটি মডেলের সম্মিলিত বিক্রি ৫৪ হাজার ৬৫০ ইউনিট। বছরওয়ারি ৪৬ দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে প্রতিষ্ঠানটি ব্র্যান্ডভিত্তিক তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।
হোন্ডার বিক্রি হয়েছে ৪৫ হাজার ৯৩১ ইউনিট, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪৭ শতাংশ কম। হিরোর বিক্রি দাঁড়িয়েছে ৬ হাজার ৮১০ ইউনিটে। কেটিএম ও সুজুকির বিক্রি যথাক্রমে ৩ হাজার ৫৫৩ ও ৮৫৯ ইউনিট।
সব মিলিয়ে ভারতের ১৫০-২০০ সিসি মোটরসাইকেল বাজারে অক্টোবর মাসে প্রবৃদ্ধি দেখা গেলেও সব ব্র্যান্ড সমানভাবে লাভবান হয়নি। পালসারের শীর্ষস্থান দখল, অ্যাপাচির সঙ্গে প্রতিযোগিতা এবং আর১৫-এর বড় প্রবৃদ্ধি ছিল মাসটির বিক্রির উল্লেখযোগ্য দিক।
তথ্যসূত্র: RushLane-এর ২৮ নভেম্বর ২০২৬ প্রকাশিত প্রতিবেদন। এই বিক্রির পরিসংখ্যান ভারতের বাজারের, বাংলাদেশের নয়।
আয়শা/
