GTA 6 পিসিতে চালাতে কত RAM ও গ্রাফিক্স কার্ড লাগতে পারে
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ZDNET-এর বিশ্লেষণ অনুযায়ী, GTA 6-এর সম্ভাব্য ন্যূনতম কনফিগারেশনে থাকতে পারে ১৬ জিবি RAM, Nvidia GTX 1060 অথবা AMD Radeon RX 480 গ্রাফিক্স কার্ড। প্রসেসরের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে Intel Core i7-4770K অথবা AMD Ryzen 5 1500X।
অন্যদিকে, তুলনামূলক ভালো গ্রাফিক্স ও পারফরম্যান্স পেতে সুপারিশকৃত কনফিগারেশন হিসেবে বলা হয়েছে:
| যন্ত্রাংশ | সম্ভাব্য ন্যূনতম | সম্ভাব্য সুপারিশকৃত |
|---|---|---|
| অপারেটিং সিস্টেম | Windows 10 64-bit | Windows 10 64-bit |
| RAM | ১৬ জিবি | ৩২ জিবি |
| প্রসেসর | Intel Core i7-4770K / Ryzen 5 1500X | Intel Core Ultra 7 / Ryzen 7 7800X3D |
| গ্রাফিক্স কার্ড | GTX 1060 / Radeon RX 480 | RTX 3050 / Radeon RX 7800 XT |
| স্টোরেজ | ৫০০ জিবি | ১ টেরাবাইট SSD |
তবে মনে রাখতে হবে, এগুলো রকস্টারের প্রকাশ করা চূড়ান্ত স্পেসিফিকেশন নয়। গেমটির সম্ভাব্য হার্ডওয়্যার চাহিদা অনুমান করে এই তালিকা তৈরি করা হয়েছে। বাস্তবে গেমটি চালাতে আরও শক্তিশালী কনফিগারেশন প্রয়োজন হতে পারে।
GTA 6-এর জন্য কতটুকু স্টোরেজ লাগবে?
GTA 6-এর গ্রাফিক্স, বড় গেম ওয়ার্ল্ড এবং বিস্তারিত পরিবেশের কারণে পিসিতে পর্যাপ্ত স্টোরেজ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ZDNET-এর বিশ্লেষণে গেমটির জন্য অন্তত ৫০০ জিবি স্টোরেজ এবং ভালো অভিজ্ঞতার জন্য ১ টেরাবাইট SSD রাখার কথা বলা হয়েছে।
SSD ব্যবহারে গেম লোড হওয়ার সময় কমতে পারে। পাশাপাশি গেমের ফাইল ও অন্যান্য সফটওয়্যার রাখার জন্যও পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে।
যাদের কম ধারণক্ষমতার ২৫৬ বা ৫১২ জিবি SSD রয়েছে, তাদের ভবিষ্যতে স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হতে পারে। তবে GTA 6-এর পিসি সংস্করণের প্রকৃত ইনস্টলেশন সাইজ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
GTA 6-এর পিসি সংস্করণ কবে আসতে পারে?
GTA 6-এর পিসি সংস্করণ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ জানায়নি রকস্টার গেমস। তবে GamesBeat-এর একটি প্রতিবেদনে ২০২৭ সালের প্রথম প্রান্তিকে পিসি সংস্করণ আসার সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই সময়সূচি রকস্টারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ফলে পিসি গেমারদের আরও অপেক্ষা করতে হতে পারে।
এখনই কি পিসির হার্ডওয়্যার আপগ্রেড করা উচিত?
GTA 6 খেলার জন্য পিসি আপগ্রেডের পরিকল্পনা থাকলে আপাতত সতর্ক থাকা ভালো। কারণ রকস্টার আনুষ্ঠানিকভাবে ন্যূনতম ও সুপারিশকৃত কনফিগারেশন প্রকাশ করেনি। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন স্পেসিফিকেশন তাই নিশ্চিত তথ্য নয়।
গেমটির পিসি সংস্করণ, প্রকৃত সিস্টেম রিকোয়ারমেন্ট এবং মুক্তির তারিখ প্রকাশের পর নিজের কম্পিউটারের সঙ্গে মিলিয়ে আপগ্রেডের সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। এতে অপ্রয়োজনীয় খরচের ঝুঁকি কমবে।
আশা/
