| ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ পানি পাচ্ছেন না দেশের ৬৩ শতাংশ মানুষ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৮ ১৯:২৯:২৪
নিরাপদ পানি পাচ্ছেন না দেশের ৬৩ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রায় সব মানুষের পানির কোনো না কোনো উৎসে প্রবেশাধিকার রয়েছে। কিন্তু সেই পানি কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নতুন এক জরিপে। দেশে ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ মৌলিক পানির সুবিধা পেলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ। অর্থাৎ নির্ধারিত নিরাপত্তার শর্ত পূরণ হচ্ছে না প্রায় ৬২ দশমিক ৯ শতাংশ মানুষের পানির ক্ষেত্রে।

পানিতে ক্ষতিকর জীবাণু ই-কোলাইয়ের উপস্থিতি এবং আর্সেনিকের ঝুঁকি নিরাপদ পানির পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিশেষ করে পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই শনাক্ত হওয়ার হার আগের জরিপের তুলনায় বেড়েছে।

পরিবারের পানিতে ই-কোলাইয়ের উপস্থিতি ৮৫ শতাংশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত ‘প্রগতির পথে’ শীর্ষক এই প্রতিবেদনে দেশের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির পাশাপাশি পানির গুণমানও বিশ্লেষণ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ মানুষের পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই শনাক্ত হয়েছে। ২০১৯ সালের জরিপে এই হার ছিল ৮১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে পরিস্থিতির উন্নতি হয়নি, বরং পরিবারের ব্যবহারের পানিতে জীবাণুর উপস্থিতি বেড়েছে।

এ ছাড়া পানির মূল উৎসে ই-কোলাই শনাক্ত হওয়ার হার ৪৭ দশমিক ১ শতাংশ। ২০১৯ সালে এই হার ছিল ৪০ দশমিক ৩ শতাংশ। ফলে পানির উৎস থেকে শুরু করে পরিবারের সংরক্ষিত পানি পর্যন্ত জীবাণু দূষণের ঝুঁকি রয়ে গেছে।

আর্সেনিকের ঝুঁকিতে এখনো লাখো মানুষ

পানিতে আর্সেনিকের উপস্থিতিও জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত সীমা অনুযায়ী, প্রতি লিটার পানিতে আর্সেনিকের মাত্রা ১০ মাইক্রোগ্রাম বা ১০ পিপিবির বেশি হলে তা ঝুঁকিপূর্ণ।

জরিপে দেখা গেছে, দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ এমন পানির উৎস ব্যবহার করছেন, যেখানে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার বেশি। অন্যদিকে বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী, প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রামের বেশি আর্সেনিক রয়েছে এমন উৎসের পানি ব্যবহার করছেন ৯ দশমিক ১ শতাংশ মানুষ।

২০১৯ সালের জরিপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এই হার ছিল ১৮ দশমিক ৬ শতাংশ। আর বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী ছিল ১১ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় আর্সেনিকের ঝুঁকি কিছুটা কমেছে। তবে এখনো উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ঝুঁকিপূর্ণ পানি ব্যবহার করছেন।

উপকূলীয় এলাকায় লবণাক্ততার উদ্বেগ

জরিপে পানির উৎসে লবণাক্ততার বিষয়টিও উঠে এসেছে। এতে দেখা যায়, দেশের ১ দশমিক ১ শতাংশ মানুষ এমন পানির উৎস ব্যবহার করেন, যেখানে লবণাক্ততার মাত্রা প্রতি সেন্টিমিটারে ৩ হাজার মাইক্রোসিমেন্সের বেশি।

এ হিসাব বাংলাদেশের জাতীয় মানদণ্ডের ভিত্তিতে করা হয়েছে। তবে জাতীয় পর্যায়ের এই পরিসংখ্যান দিয়ে নির্দিষ্ট কোন জেলা বা এলাকায় লবণাক্ততার ঝুঁকি বেশি, তা নিশ্চিতভাবে চিহ্নিত করা সম্ভব নয়।

নিরাপদ পানি বলতে কী বোঝায়?

কোনো পানির উৎস উন্নত হলেই সেটিকে নিরাপদ বলা যায় না। নিরাপদভাবে ব্যবস্থাপিত পানির ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ হওয়া জরুরি।

প্রথমত, পানির উৎস বাড়ির ভেতরে অথবা বাড়ির আঙিনায় থাকতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনের সময় পর্যাপ্ত পানি পাওয়া নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, পানিতে ই-কোলাইয়ের মতো ক্ষতিকর জীবাণু এবং নির্ধারিত সীমার বেশি আর্সেনিক থাকা যাবে না।

জরিপে দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম আর্সেনিকের সীমা বিবেচনায় এসব শর্ত পূরণ করে নিরাপদ পানি পাচ্ছেন দেশের মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। বাংলাদেশের জাতীয় মানদণ্ডে প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রাম আর্সেনিকের সীমা বিবেচনা করলে এই হার দাঁড়ায় ৩৯ দশমিক ৪ শতাংশ।

পানির গুণমান পরীক্ষা করতে জরিপের আওতায় নেওয়া হয়েছিল ৬ হাজার ২৯৮টি পরিবার। এর মধ্যে ৬ হাজার ১০৬টি পরিবারের পানির নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিটি জরিপ ক্লাস্টার থেকে দৈবচয়নের ভিত্তিতে দুটি পরিবারকে এ পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছিল।

পানি সংরক্ষণেও প্রয়োজন সচেতনতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. এম. রেজাউল ইসলাম বলেন, অপরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার কারণে অনেক সময় পানিতে জীবাণুর সংক্রমণ ঘটে। কিন্তু সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে তা বুঝতে পারেন না।

আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবিলায় নিয়মিত পানির গুণমান পরীক্ষা করা জরুরি বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

তিনি আরও বলেন, দেশের অনেক মানুষ তাদের ব্যবহৃত পানিতে আর্সেনিক আছে কি না, সে বিষয়ে খোঁজ রাখেন না। সচেতনতার অভাবেই দীর্ঘদিন ধরে সমস্যাটি রয়ে গেছে। প্রায় ৩০ বছর ধরে দেশে আর্সেনিকের সমস্যা বিদ্যমান।

সব মিলিয়ে জরিপের তথ্য বলছে, দেশে পানির উৎসের প্রাপ্যতা বাড়লেও নিরাপদ পানির নিশ্চয়তা এখনো বড় চ্যালেঞ্জ। পানির উৎস ও সংরক্ষণব্যবস্থা পরিষ্কার রাখা, নিয়মিত পানির গুণমান পরীক্ষা এবং আর্সেনিক ও জীবাণু দূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো ছাড়া এই পরিস্থিতির উন্নতি কঠিন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, মেজর লিগ ...

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ...