কবে হবে বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ!
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। কোটি কোটি সমর্থকের প্রতীক্ষার এই ম্যাচটি চলতি বিশ্বকাপেও দেখা যাওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করায় সম্ভাব্য এক লাতিন আমেরিকান মহারণের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপ ‘সি’ থেকে শীর্ষস্থান দখল করে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। বর্তমান নকআউট সূচি অনুযায়ী দুই দল ভিন্ন অংশে অবস্থান করছে। ফলে তারা যদি নিজেদের পথের সব বাধা টপকাতে পারে, তাহলে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যেতে পারে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ।
সেই স্বপ্নের ম্যাচ বাস্তবে রূপ দিতে হলে উভয় দলকেই শেষ ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনালের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নকআউটের প্রথম তিনটি ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি।
গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে সবার আগে নকআউট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ।
অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে সেলেসাওরা। নকআউটের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেন।
ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ১০৬টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে ৪১টিতে, ব্রাজিল জিতেছে ৩৯টিতে, আর ২৬টি ম্যাচ ড্র হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অবশ্য এই চিরপ্রতিদ্বন্দ্বিতায় কিছুটা এগিয়ে রয়েছে আর্জেন্টিনাই।
এখন দেখার বিষয়, দুই দল নিজেদের নকআউট মিশন সফলভাবে শেষ করতে পারে কি না। সমর্থকদের প্রত্যাশা, সব বাধা পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা মিলবে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এক মহারণের।
আয়শা/
