বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি–বিএসএফ গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে বাংলাদেশি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে এ ধরনের কোনো ঘটনার অস্তিত্ব নেই বলে দাবি করেছে বিএসএফ।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশি অন্তত ছয়টি সংবাদমাধ্যমে সোনাহাট সীমান্ত এলাকায় দুই বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের খবর প্রকাশ করা হয়। কিন্তু বিএসএফের এক সূত্র এই প্রতিবেদনকে ‘পুরোপুরি ভুয়া ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
প্রকাশিত খবরগুলোতে বলা হয়, সোমবার (১৮ মে) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনাহাট সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ গুলি চালালে বিজিবিও পাল্টা গুলি চালায়। বিষয়টি নিয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের একটি বিজ্ঞপ্তির উদ্ধৃতিও সংবাদমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়।
তবে বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়া টুডে ডিজিটালকে বলেন, সীমান্তে এমন কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। তার ভাষায়, “বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে এমন কিছু ঘটেনি। সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, “সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিএসএফ নিয়মিত দায়িত্ব পালন করছে।” তিনি অভিযোগ করে বলেন, “একদিন খবর প্রকাশ করা হয়, আবার পরদিন তা অস্বীকার করা হয়—এ ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে।”
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার, যা ভারতের দীর্ঘতম স্থলসীমান্ত। এটি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যজুড়ে বিস্তৃত। এই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচার রোধে বিএসএফ দায়িত্ব পালন করে।
এ ঘটনার খবর এমন সময় সামনে এলো, যখন সীমান্ত এলাকায় অনুপ্রবেশবিরোধী অভিযান ও কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয় রাজ্যগুলোতে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে।
সোহাগ/
