| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ, সর্বোচ্চ ৫১,৯০০ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৩ ০৮:৪১:৪১
সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ, সর্বোচ্চ ৫১,৯০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সৈনিক পর্যায়ে সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ১৩৮ শতাংশ। একই কাঠামোয় একজন সৈনিকের মূল বেতন পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত হতে পারে।

অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আগে এ বেতন ছিল ৮৬ হাজার টাকা। অর্থাৎ বাহিনীপ্রধানদের মূল বেতনও দ্বিগুণ করা হয়েছে।

গত ১৫ নভেম্বর জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারি করা হয়। নতুন গেজেটে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৬ সালে জারি করা জেএসআই ০১/২০১৬ অনুযায়ী সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো।

কোন পদে কত টাকা মূল বেতন?

নতুন বেতন কাঠামোয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ল্যান্স করপোরালের মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা এবং করপোরালের ২৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ৪৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে। অর্থাৎ এ পদে মূল বেতন বেড়েছে ১০২ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে, অনারারি লেফটেন্যান্টের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা।

সৈনিকদের বেতন বাড়ানোর হার বেশি

নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন পর্যায়ের সদস্যদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়ন করা হয়েছে ৫০ শতাংশ।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন কাঠামোয় সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকর্তা ও সৈনিকদের বেতনবৈষম্য নিয়ে বিভিন্ন আলোচনা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে।

পেনশন ও ভাতায়ও আসছে পরিবর্তন

নতুন নির্দেশনায় চাকরিরত সদস্যদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের আর্থিক সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, অবসরপ্রাপ্ত সদস্যদের ন্যূনতম নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সদস্যদের বিভিন্ন ভাতা বৃদ্ধির পাশাপাশি নতুন করে চারটি ভাতা সংযোজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব পরিবর্তনের ফলে সশস্ত্র বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের আর্থিক সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।

পদোন্নতি ও বেতন কাঠামো নিয়ে পুরোনো অসংগতি

নতুন বেতন কাঠামো কার্যকর হলেও সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের দীর্ঘদিনের কিছু দাবি এখনো আলোচনায় রয়েছে। বিশেষ করে হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেলের পার্থক্য এবং পদোন্নতির সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ রয়েছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, বেসামরিক প্রশাসনে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পাওয়ার মাধ্যমে কর্মচারীরা পরবর্তী গ্রেডের বেতন কাঠামোয় যাওয়ার সুযোগ পান। কিন্তু সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে শূন্যপদ ও সাংগঠনিক কাঠামোর সীমাবদ্ধতা রয়েছে।

ফলে অনেক সদস্যকে দীর্ঘদিন একই পদে থেকে বার্ষিক বেতন বৃদ্ধির ওপর নির্ভর করতে হয়। এ কারণে দীর্ঘদিন চাকরি করা সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসারদের (জেসিও) আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

পদোন্নতি না পেলেও বাড়বে বেতন

একজন সেনা কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার কাঠামো ও কমান্ড ব্যবস্থা বেসামরিক প্রশাসনের তুলনায় আলাদা। বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে যোগ্যতা ও শূন্যপদের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়।

তবে পদোন্নতি না পেলেও যাতে কোনো সদস্যের বেতন স্থবির হয়ে না পড়ে, সে জন্য ১৯ থেকে ২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে। ফলে একজন সৈনিক একই পদে থেকেও পর্যায়ক্রমে ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন।

বেতন কাঠামো সংস্কারে সার্ভিস কমিশনের প্রস্তাব

সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের দীর্ঘদিনের বেতনসংক্রান্ত অসংগতি দূর করতে সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল চালুর সুপারিশ করেছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাশাপাশি বিদ্যমান বেতন কাঠামোর অসংগতি ও সদস্যদের বিভিন্ন দাবি পর্যালোচনা করে সমাধানের জন্য একটি সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি এ বিষয়ে অভিন্ন বিভাজন পদ্ধতির সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

সব মিলিয়ে নতুন বেতন কাঠামোয় সশস্ত্র বাহিনীর সৈনিক ও বিভিন্ন পদমর্যাদার সদস্যদের মূল বেতন, ভাতা এবং পেনশনে পরিবর্তন এসেছে। তবে দীর্ঘদিনের কাঠামোগত অসংগতি দূর করতে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট সদস্যদের।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...