মাধ্যমিক বিদ্যালয়ে ১১৯৮০ শিক্ষক-কর্মচারী পদ শূন্য; যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সংকট প্রকট হয়ে উঠেছে। বিদ্যালয় ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রশাসনের ছয় ধরনের পদে মোট ১১ হাজার ৯৮০টি পদ শূন্য রয়েছে। অনুমোদিত ২৭ হাজার ১০৮টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১৫ হাজার ১২৮ জন। অর্থাৎ মোট পদের প্রায় ৪৪ শতাংশই খালি।
সবচেয়ে বেশি সংকট সহকারী শিক্ষকের পদে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৬ হাজার ৪৮৮টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া সিনিয়র শিক্ষক, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদেও বড় ধরনের ঘাটতি রয়েছে।
দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক পদ খালি থাকায় বিদ্যালয়গুলোর নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে শিক্ষার মানোন্নয়নেও।
সহকারী শিক্ষকের ৬ হাজার ৪৮৮ পদ খালি
পদভিত্তিক তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ১৬ হাজার ৬৪১টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ১০ হাজার ১৫৩ জন। শূন্য রয়েছে ৬ হাজার ৪৮৮টি পদ।
অন্যদিকে সিনিয়র শিক্ষকের ৮ হাজার ৭১টি পদের মধ্যে ৪ হাজার ১৪৪টি খালি। প্রধান শিক্ষকের ৭০২টি পদের মধ্যে শূন্য রয়েছে ৩৭৯টি। আর সহকারী প্রধান শিক্ষকের ৭০২টি পদের মধ্যে ৫২৭টি পদই খালি।
অর্থাৎ সহকারী প্রধান শিক্ষকের প্রায় ৭৫ শতাংশ পদে কোনো কর্মকর্তা কর্মরত নেই। প্রধান শিক্ষকের ক্ষেত্রেও অর্ধেকের বেশি পদ শূন্য রয়েছে।
উপজেলা শিক্ষা প্রশাসনেও জনবল সংকট
শুধু বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই নয়, উপজেলা পর্যায়ের শিক্ষা প্রশাসনেও রয়েছে বড় ধরনের জনবল ঘাটতি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ৪৯৬টি পদের মধ্যে ১৩৫টি শূন্য রয়েছে। অন্যদিকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ৪৯৬টি পদের মধ্যে খালি রয়েছে ৩০৭টি।
এ অবস্থায় বিদ্যালয় পর্যায়ের পাঠদান তদারকি, প্রশাসনিক কাজ এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসএসসি ফল পর্যালোচনা সভায় উঠে আসে সংকটের চিত্র
সম্প্রতি চাঁদপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল পর্যালোচনা সভায় এসব সমস্যা উঠে আসে।
সভায় শিক্ষার্থীদের ফলাফলে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার কারণ নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে সেগুলো সমাধানের সুপারিশ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠান চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
শূন্য পদ পূরণে নিয়োগ ও পদায়নের সুপারিশ
জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা শিক্ষা প্রশাসনের শূন্য পদগুলো দ্রুত পূরণের সুপারিশ করা হয়েছে।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে পদায়নের জন্য প্রস্তুত করা তালিকা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উভয় পদ একই বেতন গ্রেডের হওয়ায় সহকারী শিক্ষক থেকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদায়নের সুযোগ নিয়োগবিধিতে রাখার সুপারিশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক পদ খালি থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে সমস্যা তৈরি হচ্ছে। শিক্ষার মান ও অগ্রগতির ক্ষেত্রেও এটি বড় প্রতিবন্ধকতা।
শিগগির নিয়োগ প্রক্রিয়া শুরুর আশ্বাস
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানিয়েছেন, চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো চিঠি সম্পর্কে তাঁরা অবগত।
তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রকৃত অর্থেই শিক্ষক সংকট প্রকট। এই সংকট কাটিয়ে উঠতে আগে থেকেই কাজ শুরু করেছে সরকার। আশা করা হচ্ছে, শিগগির নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
সব মিলিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১২ হাজার পদ শূন্য থাকার বিষয়টি নতুন করে শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো পূরণের প্রয়োজনীয়তা সামনে এনেছে। এখন শূন্য পদ পূরণে কবে নাগাদ নিয়োগ কার্যক্রম শুরু হয়, সেদিকেই নজর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।
সোহাগ/
