জমি কিনছেন তা অধিগ্রহণে আছে কি না? বুঝবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: জমি কেনার আগে দলিল, খতিয়ান, নামজারি আর খাজনার রসিদ দেখেই অনেকে নিশ্চিন্ত হন। কিন্তু একটি অত্যন্ত জরুরি বিষয় প্রায়ই চোখে পড়ে না—জমিটি সরকারিভাবে অধিগ্রহণের প্রক্রিয়ায় আছে কি না, নাকি আগেই অধিগ্রহণ হয়ে গেছে! এ তথ্য এড়িয়ে গেলে সারা জীবনের সঞ্চয় বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
কীভাবে বুঝবেন জমি অধিগ্রহণের আওতায় আছে কি না?
-
এলএআরএমএস ওয়েবসাইট দেখুন: ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত পোর্টালে (
larms.land.gov.bd) গিয়ে অধিগ্রহণসংক্রান্ত নোটিশ ও প্রাসঙ্গিক তথ্য খুঁজে দেখা যায়। মৌজা, দাগ নম্বর ও খতিয়ান জানা থাকলে খোঁজা সহজ হয়। তবে অনলাইনে তথ্য না পেলেই যে জমি পুরোপুরি অধিগ্রহণমুক্ত, তা নিশ্চিত করে বলা যায় না। -
ডিসি অফিসের এলএ শাখায় খোঁজ নিন: সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ভূমি অধিগ্রহণ বা এলএ (Land Acquisition) শাখায়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমির জেলা-উপজেলা, মৌজা ও জেএল নম্বর, খতিয়ান, দাগ নম্বর এবং দলিলের কপি নিয়ে কোনো এলএ মামলা বা প্রস্তাব আছে কি না তা যাচাই করুন। মৌখিক কথায় না ভুলে সম্ভব হলে লিখিত তথ্য বা প্রত্যয়ন নিন।
-
এলএ মামলা ও নোটিশ যাচাই করুন: অধিগ্রহণের উদ্যোগ নিলে ডিসি অফিসে এলএ মামলা খোলা হয়। ২০১৭ সালের আইনের ৪ ধারায় প্রাথমিক নোটিশ এবং ৭ ধারায় সাধারণ নোটিশ জারির বিধান রয়েছে। ব্যক্তিগত নোটিশ না পেলেও অনেক সময় নির্দিষ্ট স্থানে বা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নোটিশ দেওয়া হয়; তাই মামলার নথি যাচাই করা জরুরি।
-
মৌজা ও দাগ নম্বর ধরে মিলিয়ে দেখুন: শুধু খতিয়ান বা মালিকের নাম নয়—মৌজা, জেএল নম্বর, দাগ নম্বর ও জমির পরিমাণ মিলিয়ে দেখুন। অনেক সময় পুরো দাগের বদলে একটি অংশ অধিগ্রহণের আওতায় পড়ে। এলএ শাখার যৌথ তালিকা, জরিপ প্রতিবেদন ও মৌজা নকশা দেখে নেওয়া ভালো।
-
গণবিজ্ঞপ্তি ও প্রকল্পের নকশা খুঁজুন: ডিসি অফিস, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট এবং স্থানীয় পত্রিকায় অধিগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কি না খেয়াল রাখুন। সড়ক, রেল, মেট্রো বা বিমানবন্দরের মতো প্রকল্পের কাছাকাছি হলে সওজ, রেলওয়ে, ডিএমটিসিএল বা বেবিচকের মতো সংস্থার প্রকল্প নকশা ও অধিগ্রহণ পরিকল্পনার সঙ্গে ডিসি অফিসের নথি মিলিয়ে নিন।
-
ক্ষতিপূরণ ও চলমান ধাপ সম্পর্কে জানুন: রোয়েদাদ প্রস্তুত হয়েছে কি না, ক্ষতিপূরণের আবেদন বা অর্থ পরিশোধ হয়েছে কি না, কিংবা সরকার দখল নিয়েছে কি না—এলএ শাখায় তা জেনে নিন। আবার প্রাথমিক নোটিশ বা ক্ষতিপূরণ না হলেও প্রস্তাব বা যাচাইয়ের ধাপ চলতে পারে; তাই জমিটি ঠিক কোন পর্যায়ে আছে, তা আলাদাভাবে নিশ্চিত করা দরকার।
