তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বা ‘উদ্যোগ’ নামের এ প্রকল্পের আওতায় দেশের আরও ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচিতে নির্বাচিত একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে। অনুদানের অর্থের জোগান আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় ফরমটি জমা দেওয়া যাবে।
আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে। ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করে ব্যাংকে জমা দিতে হবে।
কীভাবে উদ্যোক্তা নির্বাচন করা হবে
আবেদন জমা পড়ার পর যাচাই-বাছাইয়ের মাধ্যমে উদ্যোক্তা নির্বাচন করা হবে। এ জন্য একটি কমিটি কাজ করবে। কমিটিতে ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও থাকবেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চূড়ান্তভাবে নির্বাচন করে অর্থায়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এর আগে জানিয়েছিলেন, উদ্যোক্তারা যেকোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন যাচাইয়ের পর যোগ্যদের নির্বাচন করা হবে।
প্রথম ধাপে জমা পড়ে ১৮ হাজারের বেশি আবেদন
কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা ওই ধাপে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে নেত্রকোণায়। এ জেলায় আবেদন ছিল ৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়ে।
কর্মসূচির উদ্দেশ্য কী
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাঁদের ব্যবসা বা উদ্যোগ সম্প্রসারণে অর্থায়ন করা। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়। আবেদন করার আগে আগ্রহীদের নীতিমালা, যোগ্যতার শর্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে দেখে নেওয়া উচিত।
বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal ভিজিট করা যাবে।
সোহাগ/
