২০২৭ সালে স্কুলে ভর্তিতে বয়সসীমা নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর?
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য বয়সসীমা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর হতে পারবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রেও নির্দিষ্ট বয়সসীমা অনুসরণ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করে। এতে প্রতিটি শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়সের সীমা, বয়স যাচাইয়ের পদ্ধতি এবং অন্যান্য শর্ত উল্লেখ করা হয়েছে।
স্কুলে ভর্তির বয়সসীমা ২০২৭
শ্রেণিভিত্তিক সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স
| শ্রেণি | সর্বনিম্ন বয়স | সর্বোচ্চ বয়স |
|---|---|---|
| প্রথম শ্রেণি | ৫ বছর | ৭ বছর |
| দ্বিতীয় শ্রেণি | ৬ বছর | ৮ বছর |
| তৃতীয় শ্রেণি | ৭ বছর | ৯ বছর |
| চতুর্থ শ্রেণি | ৮ বছর | ১০ বছর |
| পঞ্চম শ্রেণি | ৯ বছর | ১১ বছর |
| ষষ্ঠ শ্রেণি | ১০ বছর | ১২ বছর |
| সপ্তম শ্রেণি | ১১ বছর | ১৩ বছর |
| অষ্টম শ্রেণি | ১২ বছর | ১৪ বছর |
| নবম শ্রেণি | ১৩ বছর | ১৫ বছর |
নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স বিবেচনায় নিয়ে শ্রেণিভিত্তিক বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির বিশেষ নিয়ম
জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি হওয়ার কথা বলা হয়েছে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং সর্বোচ্চ বয়স সাত বছর পর্যন্ত হতে পারবে বলে নতুন ভর্তি নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
বয়স প্রমাণে লাগবে জন্মনিবন্ধন
শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের নিয়ম
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি নেওয়া হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে।
২০২৭ শিক্ষাবর্ষ শুরু হবে ১ জানুয়ারি এবং শেষ হবে ৩১ ডিসেম্বর। প্রতিটি শ্রেণির একটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
এ ছাড়া বিদ্যালয়ের প্রবেশ শ্রেণি হিসেবে প্রথম শ্রেণি থেকে শুরু করে আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।
অভিভাবকদের তাই সন্তানের বয়স, জন্মনিবন্ধনের তথ্য এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি যাচাই করে আবেদন করার প্রস্তুতি নেওয়া উচিত।
সিদ্দিকা/
