সম্পত্তি হেবা-হস্তান্তরে নতুন বিধান, কী সুবিধা পাবেন
নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি হেবা বা দান করার ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ থাকবে। প্রচলিত হেবা ও সম্পত্তি হস্তান্তরের বিধান অপরিবর্তিত রেখেই এই নতুন ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) জারি করা ওই পরিপত্রে নতুন বিধানের বিষয়টি তুলে ধরা হয়।
পরিপত্রের তথ্য অনুযায়ী, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ১২২ ধারার অধীনে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। এসব ধারার মাধ্যমে নির্ধারিত পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় সম্পত্তিটির ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়। নতুন বিধান কার্যকর হওয়ার ফলে নির্ধারিত পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দাতার ভোগদখলের অধিকার বজায় রাখার আইনি সুযোগ তৈরি হয়েছে।
নতুন এই ব্যবস্থার ফলে সম্পত্তি হেবা বা দান করার পরও নির্ধারিত শর্তে দাতা জীবিত থাকা পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তি ভোগদখলে রাখার সুযোগ পাবেন। তবে এই সুবিধা কোন কোন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এবং কী কী শর্তে প্রযোজ্য হবে, তা সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী নির্ধারিত হবে।
আশা/
