বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর গুরুত্ব দেন ভারতীয় উপহাইকমিশনার। তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তাঁর দপ্তর দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতাও চান পবনকুমার বাধে। তাঁর মতে, দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদীয়মান ও সম্ভাবনাময় খাতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে ভারতীয় ভিসা কার্যক্রমের পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
সোহাগ/
