| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৫ ০৯:১৬:৩৭
অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহের মধ্যে নতুন জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে, এমন প্রত্যাশা থাকলেও প্রায় দুই সপ্তাহ পেরিয়ে এখনো তা প্রকাশ হয়নি। শুধু তাই নয়, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়াও এখনো আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি। খসড়াটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়েই রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেন, এক সপ্তাহের জায়গায় প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেলেও গেজেটের কোনো খবর নেই। এ কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি না হওয়াকে কেন্দ্র করেই মূলত এই উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো ঘোষণার কথা থাকলেও গত ১০ বছরে তা হয়নি।

দীর্ঘ অপেক্ষার পর গত ৩১ আগস্ট নতুন বেতন কাঠামোর অনুমোদন দেয় সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তখন মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সপ্তাহখানেকের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।

তবে সাবেক আমলাদের কেউ কেউ বলছেন, এ নিয়ে এখনই হতাশ হওয়ার কারণ নেই। সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর গেজেট প্রকাশের আগে বেশ কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এ কাজে কয়েক সপ্তাহ, এমনকি কখনো কখনো কয়েক মাসও সময় লাগতে পারে। তবে দীর্ঘদিন পর পে স্কেল ঘোষণা হওয়ায় এবার মানুষের প্রত্যাশা বেশি থাকায় দেরি নিয়ে হতাশা তৈরি হয়েছে।

খসড়া এখনো যায়নি আইন মন্ত্রণালয়ে

মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর খসড়া যাচাই-বাছাইয়ের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খসড়াটি এখনো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়েই রয়েছে।

আইন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত সপ্তাহে তারা শুনেছিলেন যে এক-দুই দিনের মধ্যে অনুমোদিত পে স্কেলের খসড়া ভেটিংয়ের জন্য পাঠানো হবে। কিন্তু এখন পর্যন্ত সেটি তাদের হাতে পৌঁছায়নি।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য এটিকে খসড়া আটকে থাকার বিষয় হিসেবে দেখছেন না। তিনি বলেন, গেজেট প্রকাশের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে কিছুটা সময় লাগছে। দ্রুতই খসড়াটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রজ্ঞাপন জারির আগে যেসব কাজ

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন প্রকাশের জন্য বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। প্রথমে অনুমোদিত বেতন কাঠামোর বিস্তারিত প্রজ্ঞাপনের খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয়।

সাবেক সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের জন্য যে খসড়া পাঠানো হয়, সেখানে মূলত বিভিন্ন গ্রেডে কত টাকা বেতন-ভাতা বাড়ানো হবে, তার একটি সামগ্রিক প্রস্তাব থাকে। কিন্তু অনুমোদনের পর প্রজ্ঞাপনে কর্মকর্তা-কর্মচারীদের কোন শ্রেণিতে কীভাবে নতুন বেতন কাঠামো কার্যকর হবে, তার বিস্তারিত নির্দেশনা যুক্ত করতে হয়।

জনপ্রশাসনের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা কীভাবে কার্যকর হবে, তাও প্রজ্ঞাপনে স্পষ্ট করতে হয়।

এরপর প্রজ্ঞাপনের খসড়া যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখানে নতুন বেতন কাঠামোর সঙ্গে সংবিধান বা প্রচলিত চাকরিসংক্রান্ত আইনের কোনো বিরোধ আছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি খসড়ায় ব্যবহৃত শব্দ, বাক্য ও আইনি পরিভাষায় কোনো অস্পষ্টতা বা দ্ব্যর্থতা রয়েছে কি না, সেটিও যাচাই করা হয়।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধিমালা বা সংবিধিবদ্ধ আদেশের খসড়াও এ পর্যায়ে চূড়ান্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রজ্ঞাপনের চূড়ান্ত খসড়া আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এরপর অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত খসড়াটি মুদ্রণের জন্য সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসে পাঠায়। মুদ্রণ শেষে সেটি সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

নতুন পে স্কেলে বেতন কত বাড়ছে

নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেডের কর্মকর্তাদের বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আগের তুলনায় মূল বেতন দ্বিগুণ হবে।

অন্যদিকে, সর্বনিম্ন ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন পে স্কেল মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। অর্থাৎ জুলাই মাস থেকেই এর সুবিধা পাওয়ার কথা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা।

পে স্কেলের পেছনের প্রক্রিয়া

এর আগে ২০২৫ সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। কমিশন গত ২২ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়।

কমিশনের সুপারিশে সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ ছাড়া বৈশাখী ভাতা বর্তমানের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়। পাশাপাশি ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ভাতায়ও বড় ধরনের সংস্কারের প্রস্তাব ছিল।

পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো অনুমোদন দেয় বর্তমান সরকার।

তবে মন্ত্রিসভায় অনুমোদনের পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অপেক্ষা ও অনিশ্চয়তা বাড়ছে। অর্থ মন্ত্রণালয় থেকে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানোর পর ভেটিংসহ বাকি প্রক্রিয়া শেষ করে কবে নাগাদ প্রজ্ঞাপন জারি হবে, সেটিই এখন তাদের মূল আগ্রহের বিষয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...