ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি গুজব
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। বিষয়টি নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে লিটন এরশাদ বলেন, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। কোনো ধরনের যাচাই ছাড়াই ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বরেণ্য অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তখনও তার পরিবারের পক্ষ থেকে এসব খবরকে ভিত্তিহীন বলে জানানো হয়।
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় সেখানে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট তিনি দেশে ফিরেছিলেন। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতেই দেশে এসেছিলেন তিনি।
দেশে ফেরার পর চলচ্চিত্র অঙ্গনের অনেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী তার সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে ছিলেন আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা ও চম্পাসহ আরও অনেকে।
গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন ইলিয়াস কাঞ্চন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে তিনি কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে যান।
দেশে ফেরার পর নিজের শারীরিক অবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছিলেন এই অভিনেতা।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তার স্বজন ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন জীবিত ও ভালো আছেন। একই সঙ্গে সবাইকে যাচাই ছাড়া কোনো ধরনের মৃত্যুর গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সিদ্দিকা/
