শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে শনিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জের শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিউবো জানিয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও সংরক্ষণকাজ শেষ করার চেষ্টা করা হবে। কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাধারণ গ্রাহকদের বিষয়টি আগেই জানাতে বিউবোর সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করেও বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে।
তাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ শহর ও শহরতলির বিদ্যুৎ গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সোহাগ/
