ইউনিয়ন-গ্লোবালের দায়িত্বও নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বও বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর মাধ্যমে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের দায় ও সম্পদ বুঝে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
গত ৩০ জুলাই সবার আগে এক্সিম ব্যাংকের দায়িত্ব বুঝে নেয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এরপর এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়-সম্পদও হস্তান্তর করা হয়।
সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বও সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হচ্ছে। এর মধ্য দিয়ে একীভূত পাঁচ ব্যাংকের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে।
এদিকে পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক ও প্রশাসক টিমের কার্যক্রমও শেষ হয়েছে। সবশেষ গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক ও তাদের টিম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচটি ব্যাংকের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমেও অগ্রগতি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের দায় ও সম্পদ বুঝে নেওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
সোহাগ/
