পে কমিশন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ তৈরির জন্য সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পে কমিশনের প্রতিবেদন বিশ্লেষণ করে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করাই হবে কমিটির মূল দায়িত্ব।
প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার (কো-অপ্ট) ক্ষমতাও রাখবে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দাপ্তরিক ও সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে কমিশনের সুপারিশ পর্যালোচনার পর কমিটির মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সিদ্দিকা/
