সাগরে লঘুচাপ, সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর ওড়িশা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা কেমন থাকতে পারে
বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস
রোববার সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টির এই প্রবণতা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিদ্দিকা/
