র্যাব বিলুপ্ত, আসছে নতুন এসআরবি বাহিনী
নিজস্ব প্রতিবেদক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি জনমতের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনমত গ্রহণের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর এটি জাতীয় সংসদে উত্থাপন করা হবে। নতুন আইন কার্যকর হলে র্যাবের বিদ্যমান আইনি কাঠামো বিলুপ্ত হবে। তবে নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত আগের কিছু বিধান কার্যকর থাকবে।
খসড়া আইনে এসআরবিকে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠনের প্রস্তাব রাখা হয়েছে। বাহিনীটির নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। প্রয়োজন অনুযায়ী ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠন করা যাবে। সদর দপ্তর থাকবে ঢাকায়, তবে দেশের যেকোনো স্থানে ইউনিট স্থাপনের সুযোগ থাকবে।
নতুন বাহিনীর জন্য পৃথক লোগো, পতাকা ও নির্ধারিত ইউনিফর্ম থাকবে। শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এসআরবি গঠন করা যাবে। প্রেষণে নিয়োগের ন্যূনতম মেয়াদ দুই বছর রাখার প্রস্তাব করা হয়েছে।
খসড়া অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে এসআরবির সদস্যরা নির্দিষ্ট ক্ষেত্রে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। মাদক, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মানবপাচার, সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী অপরাধ দমনে অভিযান পরিচালনা করতে পারবে বাহিনীটি।
এছাড়া আদালত, সরকার বা পুলিশের মহাপরিদর্শকের নির্দেশে ফৌজদারি মামলার তদন্ত পরিচালনার সুযোগও রাখা হয়েছে। তদন্ত করবেন অন্তত সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা এবং পুরো প্রক্রিয়ায় ফৌজদারি কার্যবিধি ও পুলিশ রেগুলেশন অনুসরণ বাধ্যতামূলক হবে।
তদন্ত কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এসআরবির নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার প্রস্তাবও রয়েছে। জব্দ করা মালামাল আদালতের নির্দেশ বা সরকারি বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
খসড়া আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো অভিযোগ প্রতিকার কমিটি। এই কমিটির সভাপতি হবেন এসআরবির একজন অতিরিক্ত মহাপরিচালক। সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি, পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) এবং মানবাধিকার, আইন বা বিচার প্রশাসনে অন্তত ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সরকার মনোনীত একজন ব্যক্তি।
কমিটি নাগরিকদের অভিযোগ তদন্ত করতে পারবে এবং প্রয়োজনে পৃথক অনুসন্ধান দল গঠন করতে পারবে। অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার ক্ষমতাও থাকবে। বাহিনীর কার্যক্রমে অনিয়ম, হয়রানি, অবৈধ প্রভাব, পদোন্নতি বা পদায়নসংক্রান্ত অভিযোগও এই কমিটি পর্যালোচনা করবে।
খসড়ায় সদস্যদের জন্য বিস্তারিত শৃঙ্খলা ও আচরণবিধিও নির্ধারণ করা হয়েছে। দায়িত্বে অবহেলা, মাদকাসক্ত অবস্থায় দায়িত্ব পালন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অমান্য, বেআইনি অর্থ আদায়, সরকারি অস্ত্র বা সরঞ্জামের অপব্যবহার, অপরাধীকে পালাতে সহায়তা কিংবা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
এছাড়া কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ বা ফৌজদারি অপরাধ করে পলাতক হলে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ব্যাটালিয়নে হস্তান্তরের বিধানও রাখা হয়েছে।
খসড়া অনুযায়ী, নতুন আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের সব জনবল, সম্পদ, তহবিল, দায়-দায়িত্ব, চলমান মামলা, প্রশাসনিক কার্যক্রম এবং বিদ্যমান চুক্তি এসআরবির অধীনে স্থানান্তরিত হবে। নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত র্যাবের বর্তমান বিভাগীয় কার্যবিধি প্রয়োজনীয় সংশোধনসহ কার্যকর থাকবে।
২০০৪ সালে প্রতিষ্ঠিত র্যাব দীর্ঘদিন ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। তবে বাহিনীটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। সেই প্রেক্ষাপটে নতুন আইন ও নতুন কাঠামোর মাধ্যমে এসআরবি গঠনের উদ্যোগকে নিরাপত্তা ব্যবস্থার একটি কাঠামোগত সংস্কার হিসেবে দেখা হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
