প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, যা জানা গেল
শিক্ষা ডেস্ক: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ জুলাই) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন উপবৃত্তি বিভাগের শিক্ষা কর্মকর্তা জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল গত ৮ জুলাই চূড়ান্ত করা হয়েছিল। ফলাফল প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে ওয়েবপোর্টালে আপলোডের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে।
তাকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের আগে কোনোভাবেই ফলাফল ওয়েবপোর্টালে প্রকাশ করা যাবে না।
তবে অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকগুলো সক্রিয় থাকায় অনেক ব্যবহারকারী ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায় নির্ধারণে গঠিত তদন্ত কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আশা/
