৭০০০mAh ব্যাটারি ও ১৪৪Hz ডিসপ্লের নতুন ফোন; দাম কত
বড় ব্যাটারি, উন্নত ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়ে নতুন স্মার্টফোন বাজারে এনেছে মটোরোলা। Motorola Edge 70 Neo নামের এই ফোনে রয়েছে ৭ হাজার mAh ব্যাটারি, ৬.৮ ইঞ্চির ১৪৪Hz AMOLED ডিসপ্লে এবং Snapdragon 7s Gen 3 প্রসেসর। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের Sony ক্যামেরা, Android 16 ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাও থাকছে।
গত ২৪ নভেম্বর ভারতে ফোনটি উন্মোচন করেছে মটোরোলা। Edge সিরিজের নতুন এই মডেলটি আগের প্রজন্মের তুলনায় বড় ডিসপ্লে ও বেশি ধারণক্ষমতার ব্যাটারি নিয়ে এসেছে। তবে ক্যামেরা সেটআপে কিছু পরিবর্তন রয়েছে।
Motorola Edge 70 Neo-এর ডিসপ্লে ও ডিজাইন
ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির Extreme AMOLED ডিসপ্লে। এর রেজল্যুশন ২৭৭২ × ১২৭২ পিক্সেল বা ১.৫K। ডিসপ্লেতে সর্বোচ্চ ১৪৪Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং, অ্যানিমেশন ও গেম খেলার সময় মসৃণ অভিজ্ঞতা পাওয়ার কথা।
এ ছাড়া ডিসপ্লেতে HDR10+ সমর্থন এবং সর্বোচ্চ ৫২০০ নিট পিক ব্রাইটনেস রয়েছে বলে জানিয়েছে মটোরোলা। সুরক্ষার জন্য সামনে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i।
ডিজাইনের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে কোয়াড-কার্ভড নকশা। এর পুরুত্ব ৮.৪৯ মিলিমিটার এবং ওজন ২০৪ গ্রাম। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষায় রয়েছে IP64 রেটিং। পাশাপাশি MIL-STD-810H মানের স্থায়িত্ব পরীক্ষার সনদও রয়েছে।
ফোনটি চারটি রঙে পাওয়া যাবে। এগুলো হলো Pantone Gray Lilac, Milky Blue, Mountain View ও Sage।
প্রসেসর ও সফটওয়্যারে যা থাকছে
Motorola Edge 70 Neo-তে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর। ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটের সঙ্গে রয়েছে ৮ জিবি LPDDR5X RAM এবং ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ।
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে। দীর্ঘ সময় গেম খেলা বা ভারী কাজের সময় তাপ নিয়ন্ত্রণে রাখতে ফোনটিতে ভেপার চেম্বার কুলিং ব্যবস্থাও দেওয়া হয়েছে।
সফটওয়্যার হিসেবে ফোনটি Android 16-ভিত্তিক Motorola Hello UI-তে চলবে। এতে Google Gemini ও Circle to Search-এর মতো সুবিধা রয়েছে। মটোরোলা তিনটি বড় Android OS আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Neo-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYTIA 710 প্রধান ক্যামেরা। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তি রয়েছে, যা ছবি ও ভিডিও ধারণের সময় হাত কাঁপার প্রভাব কমাতে সাহায্য করে।
এর সঙ্গে দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে ৪K ভিডিও ধারণের সুবিধা রয়েছে।
তবে ক্যামেরার সংখ্যার দিক থেকে আগের Edge 60 Neo-এর তুলনায় নতুন মডেলে পরিবর্তন এসেছে। নতুন ফোনে আলট্রাওয়াইড ও টেলিফটো ক্যামেরার পরিবর্তে ম্যাক্রো ক্যামেরা রাখা হয়েছে।
৭০০০mAh ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং
Motorola Edge 70 Neo-এর অন্যতম আকর্ষণ এর ৭ হাজার mAh ব্যাটারি। বড় ব্যাটারির কারণে একবার চার্জে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট TurboPower ফাস্ট চার্জিং প্রযুক্তি। মটোরোলার দাবি, এতে প্রায় ২৭ মিনিটে ব্যাটারির চার্জ শূন্য থেকে ৫০ শতাংশে নেওয়া সম্ভব।
এ ছাড়া ফোনটিতে রয়েছে ৭.৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। এর মাধ্যমে উপযুক্ত অন্য ডিভাইস ফোন থেকে চার্জ দেওয়া যাবে। গেম খেলার সময় চার্জার সংযুক্ত থাকলে ব্যাটারির পরিবর্তে সরাসরি ফোনে বিদ্যুৎ সরবরাহের জন্য বাইপাস চার্জিং সুবিধাও রাখা হয়েছে।
Motorola Edge 70 Neo-এর দাম কত?
ভারতের বাজারে Motorola Edge 70 Neo-এর ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের নিয়মিত দাম রাখা হয়েছে ৪০ হাজার ৯৯৯ রুপি। তবে সীমিত সময়ের জন্য ৩ হাজার রুপি ছাড়ে দাম হচ্ছে ৩৭ হাজার ৯৯৯ রুপি। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে আরও ৩ হাজার রুপি ছাড় পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে কার্যকর দাম নেমে আসবে ৩৪ হাজার ৯৯৯ রুপিতে।
ভারতে ফোনটির বিক্রি শুরু হওয়ার কথা ১ ডিসেম্বর থেকে। ফ্লিপকার্ট, মটোরোলার নিজস্ব ওয়েবসাইট এবং অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে এটি।
বাংলাদেশের বাজারে Motorola Edge 70 Neo কবে আসবে কিংবা এর দাম কত হতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তাই ভারতের দামকে বাংলাদেশের সম্ভাব্য বিক্রয়মূল্য হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই।
আশা/
