অনলাইনে নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা জানবেন যেভাবে
জমির নামজারির আবেদন করেছেন, কিন্তু সেটি এখন কোন পর্যায়ে আছে তা জানেন না? আবেদনটি ভূমি অফিসে যাচাইয়ের জন্য রয়েছে, শুনানির অপেক্ষায় আছে, নাকি ইতোমধ্যে অনুমোদন হয়েছে, এসব তথ্য এখন অনলাইনেই জানা সম্ভব।
ভূমি মন্ত্রণালয়ের ই-নামজারি ব্যবস্থায় আবেদনকারীদের জন্য আবেদনের সর্বশেষ অবস্থা যাচাইয়ের সুবিধা রয়েছে। আবেদন নম্বর ব্যবহার করে ঘরে বসেই জানা যায় নামজারির কাজ কতদূর এগিয়েছে। ফলে শুধু আবেদনের অগ্রগতি জানতে বারবার ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হয় না।
অনলাইনে নামজারি আবেদনের অবস্থা দেখবেন যেভাবে
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা জানতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে ভূমি মন্ত্রণালয়ের ই-নামজারি পোর্টালে প্রবেশ করুন। ওয়েবসাইটের ঠিকানা: https://mutation.land.gov.bd/
এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. ই-নামজারি পোর্টালে প্রবেশ করে ‘আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন’ অপশন নির্বাচন করুন।
২. আবেদন করার সময় পাওয়া আবেদন নম্বরটি নির্ধারিত ঘরে লিখুন।
৩. প্রয়োজন অনুযায়ী বিভাগ নির্বাচন এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ চাওয়া তথ্য দিন।
৪. নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রদর্শিত ক্যাপচা বা গণিতের প্রশ্নের উত্তর দিন, যদি চাওয়া হয়।
৫. এরপর ‘খুঁজুন’ বা অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
৬. আপনার আবেদনের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট তথ্য পর্দায় দেখতে পাবেন।
আবেদন নম্বরটি খুব গুরুত্বপূর্ণ। আবেদন জমা দেওয়ার পর যে পৃষ্ঠা বা রসিদে নম্বরটি দেওয়া হয়, সেটি সংরক্ষণ করে রাখুন। নম্বর হারিয়ে গেলে নিজের নাগরিক অ্যাকাউন্টে প্রবেশ করে আগের আবেদনের তালিকা থেকে তা খুঁজে নিতে পারেন।
নামজারি আবেদনের কোন অবস্থার কী অর্থ?
অনলাইনে আবেদনের অবস্থা যাচাই করলে বিভিন্ন ধরনের তথ্য দেখা যেতে পারে। সেগুলোর অর্থ জানা থাকলে পরবর্তী করণীয় বুঝতে সুবিধা হবে।
আবেদন জমা হয়েছে: আপনার আবেদন সফলভাবে দাখিল হয়েছে। এখন সংশ্লিষ্ট ভূমি অফিসে যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।
প্রক্রিয়াধীন: আবেদনটি সংশ্লিষ্ট ভূমি অফিসে যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র বা তথ্য চাওয়া হতে পারে।
শুনানির জন্য নির্ধারিত: আবেদনসংক্রান্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দিনে প্রয়োজনীয় মূল কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে, যদি ব্যক্তিগত উপস্থিতি চাওয়া হয়।
আবেদন মঞ্জুর: কর্তৃপক্ষ আপনার নামজারির আবেদন অনুমোদন করেছেন। এরপর নির্ধারিত ডিসিআর ফি পরিশোধ করে নামজারি খতিয়ান সংগ্রহ করতে হবে।
আবেদন নামঞ্জুর: কোনো কারণ বা তথ্যগত সমস্যার কারণে আবেদন অনুমোদন করা হয়নি। এ ক্ষেত্রে আদেশে উল্লেখ করা কারণ দেখে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
নামজারি আবেদন মঞ্জুর হলে কী করবেন?
অনলাইনে আবেদনের অবস্থা মঞ্জুর দেখালে পরবর্তী কাজ হলো ডিসিআর ফি পরিশোধ করা। সরকারি ই-নামজারি নির্দেশিকা অনুযায়ী, নামজারি অনুমোদনের পর ডিসিআর বাবদ ১ হাজার ১০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হয়।
পেমেন্ট সম্পন্ন হলে সিস্টেম থেকে কিউআর কোডযুক্ত ডিজিটাল নামজারি খতিয়ান ও ডিসিআর সংগ্রহ করা যায়। এগুলো ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করুন।
এ ক্ষেত্রে ভূমি অফিসে গিয়ে আলাদা করে ম্যানুয়াল ডিসিআর সংগ্রহ করার প্রয়োজন নেই। কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর আইনগতভাবে গ্রহণযোগ্য।
আবেদন আটকে থাকলে বা নামঞ্জুর হলে কী করবেন?
আবেদন দীর্ঘদিন একই অবস্থায় থাকলে প্রথমে অনলাইনে প্রদর্শিত তথ্য ও সংশ্লিষ্ট আদেশ ভালোভাবে দেখুন। কোনো কাগজপত্রের ঘাটতি, দলিলের তথ্যের সঙ্গে খতিয়ানের অমিল কিংবা জমির দাগ ও পরিমাণে ভুল থাকলে তা নিষ্পত্তিতে বিলম্ব হতে পারে।
আবেদন নামঞ্জুর হলে নামঞ্জুরের আদেশে উল্লেখ করা কারণ যাচাই করুন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগাযোগ করে পরবর্তী করণীয় জেনে নিন। আইনি প্রতিকার প্রয়োজন হলে ভূমি আইন সম্পর্কে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে পারেন।
নামজারি করতে সাধারণত কতদিন লাগে?
ভূমি মন্ত্রণালয়ের প্রকাশিত ই-নামজারি নির্দেশিকায় সাধারণত ২৮ দিনের মধ্যে একটি মিউটেশন আবেদন নিষ্পত্তির কথা উল্লেখ রয়েছে। তবে আবেদনভেদে সময় কমবেশি হতে পারে। কাগজপত্রের ঘাটতি, তথ্যের গরমিল, শুনানির প্রয়োজন এবং সংশ্লিষ্ট অফিসের কার্যক্রমের ওপর সময় নির্ভর করে।
তাই আবেদন জমা দেওয়ার পর নিয়মিত অনলাইনে সর্বশেষ অবস্থা যাচাই করুন। শুনানির তারিখ বা অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা থাকলে সেটি অনুসরণ করুন।
নামজারি সংক্রান্ত সমস্যায় কোথায় যোগাযোগ করবেন?
অনলাইনে আবেদন যাচাই করতে সমস্যা হলে অথবা নামজারি প্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রয়োজন হলে ভূমি সেবা হটলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করতে পারেন।
এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের ই-নামজারি পোর্টাল এবং ভূমি তথ্য বাতায়ন থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যায়।
মনে রাখবেন: নামজারি আবেদন নম্বর, পেমেন্টের রসিদ এবং আবেদনসংক্রান্ত এসএমএস সংরক্ষণ করা জরুরি। এগুলো থাকলে পরবর্তী সময়ে আবেদনের অগ্রগতি যাচাই ও প্রয়োজনীয় যোগাযোগ করা সহজ হবে।
সোহাগ/
