সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
কোন তেলের দাম কত হলো?
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ও খোলা সয়াবিন তেলের পাশাপাশি পাম অয়েলের দামও নির্ধারিত হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
|
ভোজ্যতেলের ধরন |
আগের দাম |
নতুন দাম |
|---|---|---|
|
বোতলজাত সয়াবিন (প্রতি লিটার) |
২০৪ টাকা |
২০৭ টাকা |
|
খোলা সয়াবিন (প্রতি লিটার) |
১৮৫ টাকা |
১৮৮ টাকা |
|
খোলা পাম অয়েল (প্রতি লিটার) |
১৬৬ টাকা |
১৬৬ টাকা |
এক বছরে নয়, চলতি বছরেই লিটারে বেড়েছে ১২ টাকা
চলতি বছরে কয়েক দফায় সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। বছরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ছিল ১৯৫ টাকা। এরপর গত ২৯ এপ্রিল ৪ টাকা বাড়িয়ে দাম করা হয় ১৯৯ টাকা। পরে ২ সেপ্টেম্বর আরও ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২০৪ টাকা।
সর্বশেষ ৩ টাকা বৃদ্ধির ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা।
কেন বাড়ল সয়াবিন তেলের দাম?
সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতিকে দাম বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের বুকিং দর বেড়েছে। পাশাপাশি ডলারের উচ্চমূল্যের কারণে তেল আমদানিতে খরচও বেড়েছে। আসন্ন রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টিও দাম সমন্বয়ের সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির তথ্য তুলে ধরে। এসব বিষয় পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়।
দাম বাড়ানো নিয়ে কী বলছে ভোক্তা অধিকার সংগঠন?
সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন।
তার অভিযোগ, রমজানের আগে দাম বাড়ানোর পরিস্থিতি তৈরি করতে আমদানিকারকেরা তেলের সরবরাহ বন্ধ করে দেন। এতে সরকার দাম বাড়াতে বাধ্য হয়। নিত্যপণ্যের উচ্চমূল্যে এমনিতেই সীমিত আয়ের মানুষ চাপে রয়েছেন। নতুন করে তেলের দাম বাড়লে সাধারণ মানুষের ব্যয় আরও বাড়বে এবং বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।
এক বছরে সয়াবিন তেলের দাম কত বেড়েছে?
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দাম বেড়েছে ১০ শতাংশ।
অন্যদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।
বেশি দামে তেল বিক্রি ঠেকাতে নির্দেশনা
বাজারে কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে তেল মজুত এবং নির্ধারিত দামের বেশি দামে বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন নতুন দামে বাজারে তেলের সরবরাহ ও বিক্রির পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে, সেটিই দেখার বিষয়। বিশেষ করে রমজানের আগে ভোজ্যতেলের বাজারে যাতে নতুন করে সংকট তৈরি না হয়, সে বিষয়ে নজরদারি গুরুত্বপূর্ণ।
২০২২ সালের রেকর্ডও ছাড়াল নতুন দাম
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে ভোজ্যতেলের সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হয়। ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি ব্যাহত হওয়া এবং ইন্দোনেশিয়ার পাম অয়েল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যায়। এর প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও।
এবার বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ২০৭ টাকা নির্ধারণের মধ্য দিয়ে সেই সময়ের সর্বোচ্চ দামও ছাড়িয়ে গেল। ফলে নতুন এই মূল্যবৃদ্ধি সাধারণ পরিবারের নিত্যদিনের বাজার খরচে বাড়তি চাপ তৈরি করতে পারে।
সোহাগ/
