| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মাস ধরে বেতন বন্ধ, আটকে নতুন পে-স্কেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২১ ১৬:৫৪:১৩
৫ মাস ধরে বেতন বন্ধ, আটকে নতুন পে-স্কেল

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থ বরাদ্দ পাওয়ার পরও পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিভিন্ন গবেষণা প্রকল্পে নিয়োজিত গবেষণা সহকারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অচলাবস্থার কারণে বেতন পরিশোধের প্রয়োজনীয় প্রক্রিয়া আটকে আছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নতুন জাতীয় পে-স্কেল কার্যকরের কাজও এগোচ্ছে না।

উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, উপাচার্য ভবনে তালা এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরের কার্যক্রম বন্ধ থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

ইউজিসির বরাদ্দ এলেও মিলছে না বেতন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চুয়েটের বিভিন্ন গবেষণা প্রকল্পের সহকারীদের বেতন ইউজিসির বরাদ্দ থেকে দেওয়া হয়। শুরুতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় তাদের বেতন বন্ধ ছিল। সম্প্রতি ইউজিসি থেকে অর্থ পাওয়া গেলেও প্রশাসনিক জটিলতায় সেই টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

বেতন ছাড়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে কম্পট্রোলারের কার্যালয়ের মাধ্যমে উপাচার্যের অনুমোদন নিতে হয়। কিন্তু উপাচার্য ভবনে তালা থাকায় সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে অনুমোদন ও বেতন পরিশোধের প্রক্রিয়াও আটকে আছে।

যন্ত্রকৌশল বিভাগের একটি প্রকল্পের গবেষণা সহকারী তানজিলুর রহমান জানান, পাঁচ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। প্রথমে অর্থ বরাদ্দ না থাকার কথা জানানো হয়েছিল। এখন বরাদ্দ পাওয়া গেলেও উপাচার্যসংক্রান্ত জটিলতার কারণে বেতন দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, কর্মজীবনে প্রবেশের পর পরিবারের কাছ থেকে টাকা নিয়ে চলার সুযোগ নেই। বরং এখন নিজেদেরই পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় ধারদেনা করে চলতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান চান তারা।

প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় আটকে বেতন

চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক সজল চন্দ্র বণিক বলেন, গবেষণা সহকারীদের বেতন দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে কম্পট্রোলারের কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে উপাচার্যের অনুমোদন নিয়ে বেতন পরিশোধ করা হয়।

তিনি জানান, আগে তহবিলে অর্থ ছিল না। সম্প্রতি ইউজিসি বরাদ্দ দিয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও তৈরি করে রাখা হয়েছে। কিন্তু কম্পট্রোলারের কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় সেগুলো পাঠানো যাচ্ছে না। উপাচার্যের অনুমোদন না পাওয়ায় বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

নতুন পে-স্কেল কার্যকর নিয়েও জটিলতা

গবেষণা সহকারীদের বেতনের পাশাপাশি চুয়েটের শিক্ষক-কর্মকর্তাদের নতুন জাতীয় পে-স্কেল কার্যকরের প্রক্রিয়াও আটকে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এখনো নতুন বেতনস্কেলের সুবিধা পাচ্ছেন না বলে জানিয়েছেন কর্মকর্তা সমিতির নেতারা।

চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম বলেন, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে নতুন পে-স্কেলে বেতন দেওয়া হচ্ছে। কিন্তু চুয়েটের কর্মকর্তা-কর্মচারীরা এখনো সেই সুবিধা পাচ্ছেন না। উপাচার্যসংক্রান্ত সংকট দ্রুত সমাধান হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি পে-স্কেল কার্যকরের জটিলতাও দূর হবে বলে আশা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার মো. শফিকুল আলম জানান, নতুন পে-স্কেল কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করতে উপাচার্যের অনুমোদন প্রয়োজন। কম্পট্রোলারের কার্যালয়ও উপাচার্য ভবনে অবস্থিত। শিক্ষার্থীরা ভবনটিতে তালা দেওয়ায় কার্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করা যাচ্ছে না।

উপাচার্যের বক্তব্য কী

তবে গবেষণা সহকারীদের বেতন বন্ধ থাকা কিংবা নতুন পে-স্কেল কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

তিনি বলেন, বেতনের বিষয়ে গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই কম্পট্রোলার সেকশনকে আনুষ্ঠানিক ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছিল। শিক্ষক-কর্মকর্তারা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন এবং পে-স্কেল নিয়ে কেউ আনুষ্ঠানিক মতামত বা আপত্তি জানাননি। তাই প্রশাসনিকভাবে বিষয়টি স্বাভাবিক গতিতে রয়েছে বলে মনে হয়েছে।

গবেষণা সহকারীদের বেতন বন্ধ থাকার বিষয়ে উপাচার্য বলেন, তারা বেতন পাচ্ছেন না, এমন কোনো আনুষ্ঠানিক তথ্য তাকে জানানো হয়নি। তবে একজন গবেষণা সহকারী ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে তিনি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইনকে দায়িত্ব দিয়েছিলেন।

কী কারণে অচলাবস্থা তৈরি হলো চুয়েটে

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।

পরে ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা এখনো উপাচার্য ভবনে তালা দিয়ে রেখেছেন।

ফলে ইউজিসির বরাদ্দ থাকা সত্ত্বেও গবেষণা সহকারীদের বেতন পরিশোধ এবং শিক্ষক-কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের মতো গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম আটকে রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, লাইভ যেভাবে দেখবেন

রাত ৯ টায় ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের প্রথম ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...