| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য নতুন ‘সুখবর’

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২১ ১৩:৩৩:৩১
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য নতুন ‘সুখবর’

নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থী অথবা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে।

এ জন্য উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের বা তাদের অভিভাবকদের নামে প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। গত ১৮ নভেম্বর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনা অনুযায়ী, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।

যেসব ছাত্রীর নতুন করে হিসাব খুলতে হবে না

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজন নেই।

তবে যেসব ছাত্রী এখনো উপবৃত্তি পাচ্ছে না, তাদের অথবা তাদের অভিভাবকের নামে উপবৃত্তির টাকা গ্রহণের উপযোগী হিসাব খুলতে হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উপবৃত্তির অর্থ জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি পাঠানো হবে। এ জন্য অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা নির্ধারিত শর্ত পূরণ করে মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করা যাবে।

বাবা-মায়ের নামে হিসাব থাকলে কী করতে হবে?

শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা বা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক কিংবা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে সেই হিসাবের মাধ্যমেও উপবৃত্তির টাকা নেওয়া যাবে।

এ ক্ষেত্রে আবেদনপত্রে সংশ্লিষ্ট বাবা বা মাকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে। নতুন হিসাব খোলার প্রয়োজন হলে অভিভাবকের নামে হিসাব খোলা যাবে।

তবে বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করা যাবে।

বাবা-মা না থাকলে যেভাবে উপবৃত্তির টাকা পাবে

বাবা-মা কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে ব্যাংক বা এজেন্ট ব্যাংকিং হিসাব খোলার পরিবর্তে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে যাঁর নাম উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে উল্লেখিত আপন ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানির কেউ না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে পারবেন।

এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে প্রত্যয়নপত্র দিতে হবে। শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রির সময় ওই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির টাকা নিতে পারবে।

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পেতে যে শর্ত মানতে হবে

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা গ্রহণের ক্ষেত্রে আলাদা শর্ত দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির টাকা নিতে পারবে।

এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তাঁর নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

অর্থাৎ, বাবার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করা হলে মোবাইল ব্যাংকিং হিসাবও বাবার নামেই খুলতে হবে। সিম নিবন্ধন ও হিসাব খোলার ক্ষেত্রে তথ্যের এই মিল থাকা জরুরি।

হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, এ পদ্ধতি অনুসরণ না করলে জিটুপি ব্যবস্থায় উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

১৮ বছর হলে স্কুল ব্যাংকিং হিসাবে করণীয়

নির্দেশনায় স্কুল ব্যাংকিং হিসাবের বয়সসংক্রান্ত বিষয়টিও উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়।

এ অবস্থায় শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হালনাগাদ করতে হবে, যাতে উপবৃত্তির টাকা গ্রহণে সমস্যা না হয়।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান যেভাবে উপবৃত্তির আওতায় আসবে

সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত যেসব প্রতিষ্ঠানের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে দেওয়া ইআইআইএন নম্বর রয়েছে, সেগুলো এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে।

এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

উপবৃত্তির সফটওয়্যারে প্রবেশ ও সমস্যার সমাধান

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের ক্ষেত্রে কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর মাধ্যমে ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করা যাবে।

উপবৃত্তি-সংক্রান্ত কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাঁদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি জানানো এবং কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ নির্দেশনাকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।


সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...