সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এবার নতুন সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) এবং অধীন বিভিন্ন অডিট অধিদপ্তরে মোট ৩৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬তম ও ২০তম গ্রেডের চারটি পদে জনবল নিয়োগের জন্য দুটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করার শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬।
কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে?
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি পদে মোট ৩৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। পদভিত্তিক শূন্যপদ ও বেতন স্কেল নিচে দেওয়া হলো।
১. জুনিয়র অডিটর: ৭০ জন। গ্রেড-১৬। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
২. কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬২ জন। গ্রেড-১৬। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
৩. ড্রাইভার: ৬ জন। গ্রেড-১৬। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
৪. অফিস সহায়ক: ২০৯ জন। গ্রেড-২০। বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
কোন পদে আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে?
জুনিয়র অডিটর: এ পদে আবেদন করতে হলে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপ করতে হবে। এ ছাড়া নির্ধারিত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরিক: এ পদে আবেদনের জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতার পাশাপাশি ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা প্রয়োজন। এ পদেও নির্ধারিত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
ড্রাইভার: ড্রাইভার পদে আবেদন করতে হলে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এ ছাড়া গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহায়ক: এ পদে আবেদনের জন্য স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের বয়সসীমা কত?
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময়ও অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
আবেদনপত্রে দেওয়া কোনো তথ্য ভুল, অসম্পূর্ণ বা অসত্য প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি নিয়োগ পাওয়ার পরও তথ্যের অসংগতি ধরা পড়লে নিয়োগ বাতিল করার সুযোগ রয়েছে।
আবেদন শুরু ও শেষ হওয়ার তারিখ
সিএজির এই নিয়োগে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের ওয়েবসাইট: https://cag.teletalk.com.bd
অনলাইনে আবেদন করার সময় সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল হতে হবে। ছবির ফাইল সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইল সর্বোচ্চ ৬০ কিলোবাইটের মধ্যে রাখতে হবে।
আবেদনপত্র Submit করার পর ছবিসহ Applicant's Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি কত টাকা?
অনলাইনে আবেদন জমা দেওয়ার পর টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি ও সার্ভিস চার্জ অনুযায়ী:
-
জুনিয়র অডিটর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা। মোট ১১২ টাকা।
-
অফিস সহায়ক পদে আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা। মোট ৫৬ টাকা।
এসএমএসে ফি জমা দেওয়ার নিয়ম:
প্রথম এসএমএস: টেলিটকের প্রিপেইড নম্বর থেকে লিখতে হবে:
CAG User ID
এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ফি জমার পরিমাণ ও একটি PIN নম্বর জানানো হবে।
দ্বিতীয় এসএমএস: লিখতে হবে:
CAG YES PIN
এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফি সফলভাবে জমা হলে ফিরতি এসএমএসে User ID ও Password পাঠানো হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার বিষয়ে যা জানা প্রয়োজন
প্রবেশপত্র ডাউনলোডের সময় জানিয়ে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। তাই আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখতে হবে।
এসএমএসে পাওয়া User ID ও Password ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে পরীক্ষার্থীর রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে।
মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এসব সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
এ ছাড়া প্রয়োজন হবে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের Applicant's Copy। প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য সনদও জমা দিতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও যোগাযোগ
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট www.cag.org.bd এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://cag.teletalk.com.bd ভিজিট করতে হবে।
এ ছাড়া টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd থেকেও নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে।
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইল করেও সহায়তা নেওয়া যাবে।
সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য ৩৪৭টি পদের এই নিয়োগে আবেদন করার আগে নিজ পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও আবেদন ফি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।
সোহাগ/
