ফের ফেসবুকে ভিডিও বার্তা দিলেন সালমান মুক্তাদির
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে আবারও ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। দীর্ঘ ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিয়ে কথা বলেন।
সালমান মুক্তাদির বলেন, পুরো ঘটনাকে শুধু তাকে কেন্দ্র করে দেখলে মূল বিষয়টি আড়ালে পড়ে যাবে। তার ভাষ্য অনুযায়ী, একজন নাগরিক হিসেবে তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তৈরি করে।
ভিডিও বার্তায় তিনি জানান, তার নিজের প্ল্যাটফর্ম ও মানুষের কাছে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। তাই ব্যক্তিগত বিষয় নিয়ে বিতর্কের পরিবর্তে দেশের মানুষের নিরাপত্তা ও অপরাধের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান তিনি।
সালমান আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ বা গণমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা ধরনের বক্তব্য ও বর্ণনা সামনে আসছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার পরিবর্তে ঘটনার বাস্তব দিকগুলো নিয়ে কথা বলতে চান।
ভিডিওতে তিনি রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানান। তার বক্তব্য, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোরও যথাযথ তদন্ত হওয়া উচিত এবং তিনি প্রয়োজন হলে নিজের অবস্থান ব্যাখ্যা করতে প্রস্তুত।
সালমান মুক্তাদির আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। তাদের আচরণে তিনি কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, ব্যক্তিগত ক্ষতি বা নিজের সম্পদ ফিরে পাওয়ার বিষয়টির চেয়ে দেশের শান্তি, শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ইতিবাচক কোনো উদ্যোগ নেওয়া হলে তিনি সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।
ভিডিওর শেষ দিকে সালমান মুক্তাদির বলেন, তার বিরুদ্ধে যেসব বক্তব্য বা অভিযোগ এসেছে, সেগুলোর জবাব তিনি পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে দিতে চান। তবে তার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে একটি স্পষ্ট ও অভিন্ন বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তিনি।
সোহাগ/
