নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান বেতন কাঠামোর মতো সবাইকে একই হারে ইনক্রিমেন্ট না দিয়ে গ্রেডভেদে আলাদা হার নির্ধারণ করা হচ্ছে। এতে উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার তুলনামূলক কম হবে।
অন্যদিকে নতুন পে স্কেলে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব থাকলেও বাড়িভাড়া ভাতার হার কিছুটা কমানো হচ্ছে। তবে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ায় অনেক ক্ষেত্রেই বাড়িভাড়া ভাতার প্রকৃত টাকার অঙ্ক বাড়তে পারে।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো-২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। ওই বৈঠকের কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।
গ্রেডভেদে কমবে ইনক্রিমেন্টের হার
বর্তমান বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীরা প্রতি বছর মূল বেতনের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান। নতুন কাঠামোতে এই অভিন্ন হার থাকছে না।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্টের হার ৫ শতাংশ রাখা হচ্ছে। এরপর উচ্চতর গ্রেডে ধাপে ধাপে হার কমবে।
-
৫ম গ্রেড: ৪ শতাংশ
-
৪র্থ ও ৩য় গ্রেড: ৩ দশমিক ৫ শতাংশ
-
২য় গ্রেড: ২ দশমিক ৭৫ শতাংশ
সশস্ত্র বাহিনীতেও একই ধরনের নীতি প্রযোজ্য হবে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ, মেজরে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাব করা হয়েছে।
বাড়িভাড়া ভাতায়ও পরিবর্তন
নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া ভাতার হারও কমানোর প্রস্তাব রয়েছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমানে গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পাওয়া যায়। নতুন কাঠামোয় তা কমে ৪০ থেকে ৬০ শতাংশ হতে পারে।
ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন এলাকা ও সাভারে বর্তমানে বাড়িভাড়া ৪০ থেকে ৫৫ শতাংশ। নতুন কাঠামোয় তা ৩০ থেকে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া সিটি করপোরেশন ও সাভারের বাইরে বর্তমানে ৩৫ থেকে ৫০ শতাংশ বাড়িভাড়া দেওয়া হলেও নতুন কাঠামোয় তা ২৫ থেকে ৪৫ শতাংশ হতে পারে।
তবে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ার প্রস্তাব থাকায় ভাতার হার কমলেও অনেক চাকরিজীবীর হাতে পাওয়া বাড়িভাড়ার টাকার অঙ্ক বাড়তে পারে।
৮ বছরেই উচ্চতর গ্রেডের সুযোগ
নতুন বেতন কাঠামোয় উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমাতেও পরিবর্তন আসছে। বর্তমানে একই গ্রেডে ১০ বছর চাকরি করার পর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে। নতুন কাঠামোয় তা কমিয়ে ৮ বছর করার প্রস্তাব করা হয়েছে।
পদোন্নতি ছাড়া দ্বিতীয়বার উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে একই গ্রেডে ৬ বছর চাকরির শর্ত বহাল থাকছে।
পদোন্নতির সুযোগ রয়েছে এমন পদে কর্মরতরা চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার এভাবে উচ্চতর গ্রেড পেতে পারেন। অন্যদিকে যেসব পদে পদোন্নতির সুযোগ নেই এবং ব্লকড পদ হিসেবে বিবেচিত, সেসব পদে কর্মরতরা চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন।
চিকিৎসা ভাতা বাড়ছে
নতুন কাঠামোয় বয়সভেদে চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
৫০ বছর পর্যন্ত চাকরিজীবীদের মাসিক চিকিৎসা ভাতা ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
পেনশনারদের ক্ষেত্রেও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীদের ৬ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব রয়েছে।
বর্তমানে চাকরিজীবীদের চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং ৬৫ বছরের বেশি বয়সী পেনশনারদের ২ হাজার ৫০০ টাকা।
প্রথমবার সব গ্রেডে মোবাইল ভাতা
নতুন পে স্কেলে সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ফোন ভাতার প্রস্তাব করা হয়েছে।
১ম থেকে ৫ম গ্রেডের জন্য মাসিক মোবাইল ভাতা ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের জন্য ১৫০ টাকা করে দেওয়ার প্রস্তাব রয়েছে।
বর্তমানে ১ম থেকে ৩য় গ্রেডের কর্মকর্তারা ১ হাজার ৫০০ টাকা এবং ৪র্থ ও ৫ম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা মোবাইল বিল পান। অন্য গ্রেডের কর্মীরা এ সুবিধা পান না।
যাতায়াত ও টিফিন ভাতাও বাড়ছে
নতুন কাঠামোয় কয়েকটি ছোট ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব রয়েছে। ধোলাই ভাতা ১০০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা হতে পারে।
অন্যদিকে বাংলা নববর্ষ ভাতা বর্তমান মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
পাহাড়ি ভাতা এবং হাওর, দ্বীপ ও চরভাতা মূল বেতনের ২০ শতাংশ রাখার প্রস্তাব থাকলেও এসব ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হচ্ছে।
২০২৪ সালের বিশেষ প্রণোদনা বাতিলের প্রস্তাব
নতুন বেতন কাঠামো কার্যকর হলে ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনা বাতিল করার প্রস্তাব রয়েছে। এই প্রণোদনা প্রথমে মূল বেতনের ৫ শতাংশ ছিল, পরে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়।
সশস্ত্র বাহিনীর বেতন ও ভাতাতেও পরিবর্তন
জাতীয় বেতন কাঠামো-২০২৬ অনুসরণ করে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবির বেতন কাঠামো সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।
বিমান বাহিনীর ফ্লাইং পে বা উড্ডয়ন ভাতা বর্তমান হারের তুলনায় ১০০ থেকে ১২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। কমান্ড, স্টাফ, টিচিং, কোয়ালিফিকেশন, ডিস্টার্বেন্স ও বিশেষজ্ঞ বেতন ১০ শতাংশ করে বাড়ানোর প্রস্তাব রয়েছে।
এ ছাড়া বিভিন্ন বিশেষ ভাতা ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে বাড়িভাড়া, যাতায়াত, টিফিন, চিকিৎসা ও অন্যান্য কয়েকটি ভাতার ক্ষেত্রে জাতীয় বেতন কাঠামোর প্রস্তাবিত হার অনুসরণ করা হবে।
তিন ধাপে মূল বেতন বাস্তবায়নের প্রস্তাব
অর্থ মন্ত্রণালয় নতুন বেতন কাঠামোর গেজেট প্রণয়নের কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, নতুন কাঠামোর মূল বেতন তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
চলতি বছরের জুলাই, আগামী ডিসেম্বর এবং পরবর্তী বছরের জুলাইয়ে ধাপে ধাপে মূল বেতন বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। আর ২০২৮ সালের জানুয়ারি থেকে সব ধরনের ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
সরকারের অতিরিক্ত ব্যয় কত হবে
নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়িত হলে তিন বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৩৮০ কোটি টাকা বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর অতিরিক্ত ব্যয় হতে পারে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা, ২০২৭ সালে ৪৪ হাজার ৮৩৮ কোটি টাকা এবং ২০২৮ সালে ২৩ হাজার ১৭০ কোটি টাকা।
সব ভাতা ও অন্যান্য সুবিধা পুরোপুরি কার্যকর হলে ২০২৮ সালে বেতন, ভাতা, পেনশন, আনুতোষিক ও লাম্পগ্রান্ট মিলিয়ে সরকারের মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৩৬ হাজার ৬৬৪ কোটি টাকা।
তবে এসব পরিবর্তনের চূড়ান্ত বাস্তবায়ন গেজেট প্রকাশ এবং সংশ্লিষ্ট বিধি-প্রজ্ঞাপন জারির ওপর নির্ভর করবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
