জামায়াত নেতৃত্বাধীন জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল অলির নাম চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে জামায়াত আমির জানান, জোটের শীর্ষ নেতাদের মতামত ও সম্মতির ভিত্তিতেই কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের অন্যান্য নেতারা।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়।
শেষ পর্যন্ত শরিক দলগুলোর সম্মতিতে কর্নেল (অব.) অলি আহমদকেই ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করা হলো।
সোহাগ/
