আগস্টেই পে-স্কেলের গেজেট, না হলে কঠোর কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রায় চাপ বেড়েছে। এ অবস্থায় চলতি আগস্ট মাসের মধ্যেই নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কাউন্সিল ও আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা আবদুল মালেক বলেন, আগস্টের মধ্যে নবম পে-স্কেলের গেজেট জারি করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও উপসচিব মো. আবদুল খালেক নতুন কমিটি ঘোষণা করেন। এতে ক্রীড়া অধিদপ্তরের কর্মকর্তা আশিকুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে মু. শাহাবুদ্দিন মুন্সী কার্যকরী সভাপতি, মো. শাহীন খান সিনিয়র সহ-সভাপতি, আবদুল কাদের খান সিনিয়র যুগ্ম মহাসচিব, মো. ইয়াসিন হাওলাদার ও মো. সোহেল রানা সাংগঠনিক সম্পাদক, এবি বেগম প্রচার ও প্রকাশনা সম্পাদক, আমেনা বেগম মহিলা বিষয়ক সম্পাদক এবং সৈয়দা তাবাসসুম মীম অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়ন করা হবে।
সভাপতির বক্তব্যে আবদুল মালেক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ব্যয় এবং পারিবারিক খরচ বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর্থিক চাপে রয়েছেন। দীর্ঘদিন নতুন পে-স্কেল কার্যকর না হওয়ায় তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সংগঠনটি বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধি সমাবেশ, মতবিনিময় সভা, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
আবদুল মালেক আরও বলেন, শুধু ঘোষণা দিলেই হবে না, দ্রুত প্রজ্ঞাপন জারি করে পে-স্কেল বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে। আগস্টের মধ্যে গেজেট প্রকাশ না হলে সারাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংগঠনের মহাসচিব আশিকুল ইসলাম বলেন, নতুন পে-স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিন ধরে আন্দোলন করতে হচ্ছে। বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকার দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করবে বলে তারা আশা করছেন।
তিনি বলেন, আগস্ট মাসের মধ্যে গেজেট জারি না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
কাউন্সিল ও আলোচনা সভায় বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, সিবিএ এবং কর্মকর্তা-কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
